গ্রিসে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশির পরিচয় শনাক্ত
চেহারা বিকৃত হওয়ায় এতোদিন লাশ শনাক্ত করা যায়নি।
গ্রিসে সড়ক দুর্ঘটনায় নিহত এক বাংলাদেশি যুবকের পরিচয় পাওয়া গেছে।
তার নাম জুয়েল মিয়া (৩১), বাড়ি কুমিল্লার মুরাদনগরের আলগী গ্রামে, পিতা সুরুজ মিয়া।
স্থানীয় পুলিশ জানায়, ৪ নভেম্বর গ্রিসের মানলোদা-পাতরা সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই মারা যান জুয়েল।
এতে তার চেহারা বিকৃত হওয়ায় এতোদিন পরিচয় শনাক্ত করা যায়নি। লাশ পড়ে ছিল পাতরা হাসপাতালের মর্গে।
এথেন্সে বাংলাদেশ দূতাবাস জানায়, ঘটনার দিন গ্রিসের গ্রামীণ অঞ্চল মানলোদা-পাতরা সড়কে গাড়ি চালাচ্ছিলেন জুয়েল। একসময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সঙ্গে ধাক্কা খেলে দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।
এ বিষয়ে বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম বলেন, “নিহতের লাশ দেশে পাঠাতে আমরা কমিউনিটির পক্ষ থেকে অনাপত্তি সনদ (এনওসি) ও আবেদন পাঠিয়েছি।”
দূতাবাসের কাউন্সেলর বিশ্বজিৎ কুমার পাল জানান, সব আইনি প্রক্রিয়া শেষ হলে যত দ্রুত সম্ভব লাশ দেশে পাঠানো হবে।
নিহত জুয়েলের দুই মেয়েসন্তান রয়েছে। তিনি ১৫ বছর ধরে গ্রিসে বসবাস করছিলেন।
