প্যারিসে আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসব অনুষ্ঠিত
লেখক আড্ডা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও দেশীয় খাবারের স্টল ছিল মেলার মূল আকর্ষণ।
ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়ে গেলো দুদিনব্যাপী ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ও বাংলা উৎসব’।
স্থানীয় সেইন্ট ডেনিস সিটি কর্পোরেশন হলে শনি ও রোববার এ আয়োজনে অংশ নেন প্রবাসী বাংলাদেশি লেখক, পাঠক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা।
ফ্রান্স সরকার অনুমোদিত বাংলা গণমাধ্যম ‘প্যারিস টাইমস’ এবং ‘সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশন’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ মেলায় বইপ্রেমীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।
মেলা উদ্বোধন করেন স্থানীয় মেয়র মিশেল ফোরকেড। লেখক আড্ডা, কবিতা পাঠ, সংগীত পরিবেশনা ও দেশীয় খাবারের স্টল ছিল মেলার মূল আকর্ষণ।
মেলায় লেখক হাসানুজ্জাম রিপনের ‘বলাবাহুল্য’ এবং ফরিদ আহমদ রনির ভ্রমণবিষয়ক বই ‘প্যারিসের ছবি’ এর মোড়ক উন্মোচন করা হয়।
মেলায় উপস্থিত ছিলেন প্যারিস টাইমসের প্রকাশক কাজী এনায়েত উল্লাহ, রবিশঙ্কর মৈত্রী, হাসানুজ্জামান, কাউন্সিলার আরবিদাহ এইট এহিকিটোনে, ফরাসি ফটোগ্রাফার আলেক্সান্দ্রা রোসিনস্কি, মুক্তিযোদ্ধা ও লেখক এনামুল হক, জিন্নুরাইন জায়গীরদার, বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন তুলুজের সভাপতি ফখরুল আকম সেলিম, ফৌজিয়া খাতুন রানা, বাংলাদেশ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, ফ্রান্স-বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন, নয়ন এনকে, প্যারিস বাংলা প্রেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন সোহেল, মেরী হাওলাদার, সিকুয়া বাঙালি অ্যাসোসিয়েশনের সভাপতি সরুফ ছদিওল, আয়েবার ভাইস প্রেসিডেন্ট তাসলিম রানা, আরিফ রানা, সৈয়দা কুমকুম এবং প্যারিস টাইমসের সম্পাদক সালাহ উদ্দিন।
