২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘গণতন্ত্র ফেরাতে’ প্রবাসীদের ভূমিকা চায় যুক্তরাষ্ট্র জাসাস

শাম্মী আকতার বলেন, “সুশাসনের প্রত্যাশা পূরণে অবিলম্বে নির্বাচনের বিকল্প নেই।”

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2025, 01:43 AM

Updated : 26 Aug 2026, 01:24 PM

বাংলাদেশে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও ভোটাধিকার রক্ষায়’ প্রবাসীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র জাসাস। 

সংগঠনটি মনে করে, “দীর্ঘদিন ধরে চলা আন্দোলন-সংগ্রামের সফল পরিণতি নিশ্চিত করতে দেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই।”

সোমবার সন্ধ্যায় নিউ ইয়র্কের একটি মিলনায়তনে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান। 

‘বাংলাদেশে গণতন্ত্র ও ভোটের অধিকার এবং জুলাই-অগাস্ট বিপ্লবে শহীদদের স্মরণে’ শীর্ষক এ কর্মসূচিতে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকারবিষয়ক সহ-সম্পাদক শাম্মী আকতার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শাম্মী আকতার বলেন, “সুশাসনের প্রত্যাশা পূরণে অবিলম্বে নির্বাচনের বিকল্প নেই। তা না হলে দীর্ঘ ১৬ বছরের আন্দোলন ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। যাদের নির্বাচনে বিজয়ের সম্ভাবনা নেই, তারা সংস্কারের কথা বলে নির্বাচন বিলম্বিত করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত। এ বিষয়ে প্রবাসীদেরও সতর্ক থাকতে হবে।”

শাম্মী অভিযোগ করেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে চলমান অপপ্রচার গণতন্ত্র প্রতিষ্ঠার পথকে বাধাগ্রস্ত করছে। এই অপপ্রচারে লিপ্তরাই গণতন্ত্রের শত্রু ও সুশাসনের অন্তরায়। তাদের চিহ্নিত করতে হবে সব পর্যায় থেকে।”

সভায় সভাপতিত্ব করেন জাসাস যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক মো. সায়েম রহমান এবং পরিচালনা করেন সদস্য-সচিব জাহাঙ্গীর সোহরাওয়ার্দী।

বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল লতিফ সম্রাট। প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় সদস্য গিয়াস আহমেদ এবং প্রধান আলোচক ছিলেন কানাডা বিএনপির সাবেক সভাপতি ফয়ছল চৌধুরী।