Published : 20 Aug 2024, 11:22 PM
‘তারুণ্যের শক্তিতে অবদান রাখুন এবং একসঙ্গে একটি উন্নত বিশ্ব গড়ে তুলুন’ এ বিষয় নিয়ে চীনে অনুষ্ঠিত হয়ে গেলো ‘ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ সিটি ইয়ুথ লিডারস ডায়ালগ উইথ চিয়াংশি’। সংলাপে স্থানীয় সরকারের আমন্ত্রণে অংশ নেয় বাংলাদেশের প্রতিনিধি দল।
সোমবার দিনব্যাপী চিয়াংশি প্রদেশের রাজধানী নানছাং শহরে এ সংলাপটি অনুষ্ঠিত হয় চিয়াংশি প্রভিন্সিয়াল ফরেন অ্যাফেয়ার্স অফিসের মহাপরিচালক ফান ইয়ং-এর সভাপতিত্বে।
‘দ্য চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজ’ এর সহযোগিতায় সংলাপটি চিয়াংশি যুব ফেডারেশন এবং চিয়াংশি চায়না ভোকেশনাল এডুকেশন সোসাইটি যৌথভাবে আয়োজন করে।
চাইনিজ পিপলস অ্যাসোসিয়েশন ফর ফ্রেন্ডশিপ উইথ ফরেন কান্ট্রিজের ভাইস প্রেসিডেন্ট শেন শিন, চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে এবং ইরান-চীন ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশনের প্রথম ভাইস চেয়ারম্যান মেহদি নাদিসহ অন্যান্য অতিথিরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন।
চিয়াংশি প্রাদেশিক সরকারের ভাইস গভর্নর শি কে সংলাপে অংশগ্রহণকারী চীনা ও বিদেশি তরুণ অতিথিদের অভ্যর্থনা জানান এবং চিয়াংশি প্রদেশের পরিচয় তুলে ধরেন। তিনি বলেন, “এই ইভেন্টটি তরুণ প্রতিনিধিদের সাংস্কৃতিক দূত, চিয়াংশি এবং বিশ্বের বিভিন্ন দেশের শহরগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদানের প্রচারের জন্য ভবিষ্যতে বহুমুখী সহযোগিতা বাড়াবে।”
শেন শিন বলেন, “শান্তি, উন্নয়ন, ন্যায্যতা, ন্যায়বিচার, গণতন্ত্র ও স্বাধীনতা সমগ্র মানবজাতির অভিন্ন মূল্যবোধ ও সাধনা। তরুণ বন্ধুরা দেশকে পুনরুজ্জীবিত, বিশ্বকে উপকৃত করার উচ্চাকাঙ্ক্ষা স্থাপন করবে এবং মানবজাতির জন্য একটি ভাগ করা ভবিষ্যৎ নিয়ে একটি সম্প্রদায় গঠনে তাদের যুব শক্তিকে অবদান রাখবে। তরুণ বন্ধুরা বিশ্বব্যাপী উন্নয়ন উদ্যোগ, বৈশ্বিক নিরাপত্তা উদ্যোগ এবং বৈশ্বিক সভ্যতার উদ্যোগ বাস্তবায়নে নেতৃত্ব দেবেন এবং সমগ্র মানবজাতির মঙ্গলে অবদান রাখবেন।”
ফোরামে একযোগে তিনটি সাব-ফোরাম অনুষ্ঠিত হয়, যেখানে যুব প্রতিনিধিরা মতবিনিময় করেন। তারা তাদের অভিজ্ঞতার গল্প এবং তরুণদের বৃত্তিমূলক শিক্ষার মাধ্যমে জীবনের মূল্যবোধ, উপলব্ধি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং উন্নয়ন পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। সাংস্কৃতিক আদান-প্রদানের সুযোগ খুঁজে বের করা এবং আন্তর্জাতিক প্রকল্প বাস্তবায়নের বিষয়েও তারা ধারণা ও মতামত তুলে ধরেন।
সংলাপের পর বিদেশি তরুণ প্রতিনিধিরা চিয়াংশি প্রদেশের অর্থনৈতিক উন্নয়ন, বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন, গ্রামীণ পুনরুজ্জীবন, পরিবেশগত সুরক্ষা এবং অন্যান্য প্রকল্প পরিদর্শন করতে চিউচিয়াং, চিংতাঝেন, চিয়ান এবং গানঝোতে যান।
বাংলাদেশ ছাড়াও ইরান, জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, নেপাল, রাশিয়া, ফ্রান্স, হাঙ্গেরি, জার্মানি, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, আর্জেন্টিনা ও মাদাগাস্কারসহ ২২ দেশের ২০০ যুব প্রতিনিধি এ সংলাপে অংশ নেন।