০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

ত্রয়োদশ জাতীয় নির্বাচন: মালদ্বীপে দূতাবাসে প্রবাসীদের পোস্টাল ভোটের প্রস্তুতি

প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে মতবিনিময় সভা করেন তারা।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 12:20 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রবাসী ভোটারদের পোস্টাল ভোট প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ করতে মতবিনিময় সভা এবং বার্ষিক গণশুনানি আয়োজন করেছে।

সোমবার মিশনের মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম। অংশ নেন মালদ্বীপে বসবাসরত বিভিন্ন শ্রেণী-পেশার প্রবাসীরা। 

শুরুতে কনস্যুলার সহকারী এবাদ উল্লাহ শেষ হওয়া বছরের মিশনের কার্যক্রম তুলে ধরেন। তারপর কল্যাণ সহকারী আল মামুন বড়পর্দায় বছরের কাজের সংক্ষিপ্তসার উপস্থাপন করেন।

হাই কমিশনার তার বক্তব্যে প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন এবং চলমান বৈধকরণ প্রক্রিয়া সঠিকভাবে কাজে লাগানোর আহ্বান জানান। 

তিনি বলেন, “মালদ্বীপে স্থানীয় আইন-কানুন মেনে চলা, সঠিক প্রক্রিয়ায় পোস্টাল ভোট দেওয়া, মিলেমিশে বসবাস এবং ফ্রি ভিসায় দেশত্যাগ না করা গুরুত্বপূর্ণ।” এছাড়া, মালদ্বীপে আগমনের আগে তথ্য যাচাই-বাছাই করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে প্রবাসীরা হাই কমিশনার এবং মিশনের কর্মকর্তাদের কাছে বিভিন্ন সমস্যা তুলে ধরেন। সঠিক পোস্টাল ভোট প্রদান, ফ্রি ভিসা রোধ এবং বৈধভাবে রেমিট্যান্স পাঠানোর জন্য মালদ্বীপে বাংলাদেশের একটি ব্যাংকের শাখা খোলার দাবি জানান তারা।

মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজ প্রবাসীদের প্রশ্নের সমাধান দেন এবং পোস্টাল ভোট প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।