Published : 25 May 2026, 10:48 AM
বাংলা সাহিত্যকে বিশ্বজনীন করতে এবং নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে মানসম্মত বইগুলোর ইংরেজি অনুবাদের ওপর গুরুত্বারোপ করেছেন কথাসাহিত্যিক ও সাংবাদিক ইমদাদুল হক মিলন।
নিউ ইয়র্কে আয়োজিত ৩৫তম আন্তর্জাতিক বাংলা বইমেলায় রোববার মুক্তধারা স্মারক বক্তৃতায় তিনি এ আহ্বান জানান।
মিলন বলেন, “বাংলা ভাষা ও সংস্কৃতির ইতিহাস যাতে পরবর্তী প্রজন্ম ধারণ করতে সক্ষম হয়, সেজন্য ভালো বইগুলো ইংরেজিতে অনুবাদ করা দরকার। তা না হলে বহুজাতিক সমাজে ক্রমান্বয়ে বাংলা সংস্কৃতি হারিয়ে যাওয়ার শঙ্কা প্রবল হবে।”
তার মতে, গত ৩৫ বছর ধরে নিউ ইয়র্কের এই বইমেলা প্রবাসীদের এক ছাতার নিচে ঐক্যবদ্ধ রেখেছে, যা বাঙালি সংস্কৃতির বিকাশে একটি গৌরবময় অধ্যায়।
এদিকে, একইদিন সন্ধ্যায় বইমেলার মূলমঞ্চে সাহিত্যে অবদানের জন্য কথাসাহিত্যিক ও গবেষক আব্দুন নূরকে ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’ দেওয়া হয়। ৮৭ বছর বয়সি আব্দুন নূর বিশ্বব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এবং ষাটের দশক থেকে সাহিত্যের সঙ্গে যুক্ত।
এছাড়া ‘আজীবন সম্মাননা’ পেয়েছেন অধ্যাপক রেহমান সোবহান। সম্মাননা তুলে দেন মেলা কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম এবং জিএফবি গ্রুপের চেয়ারম্যান গোলাম ফারুক ভূঁইয়া।
মেলার দ্বিতীয় ও তৃতীয় দিন নিউ ইয়র্কে টানা বৃষ্টি থাকলেও দর্শকদের উপস্থিতিতে কোনো ভাটা পড়েনি। ‘প্রবাস জীবন- বাঙালিকে দিয়েছে বাণিজ্যিকতা, কেড়ে নিয়েছে আন্তরিকতা’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতায় প্রবাসীদের আগ্রহ দেখা গেছে।
এতে বিপক্ষে অংশ নেন বিরূপাক্ষ পাল, বাবু কামরুজ্জামান ও নাজনীন আহমেদ। পক্ষে লড়েন কাবেরী মৈত্রেয়, শামীম রেজা ও মোহাম্মদ নাকিবউদ্দিন।
অনুষ্ঠানের শেষভাগে সাংস্কৃতিক সংগঠন ‘আড্ডা’র আয়োজনে এবং আল্পনা গুহ ও সুমিত্রা সেনের পরিকল্পনায় ‘হৃদয়ে রবীন্দ্রনাথ ও চেতনায় নজরুল’ শীর্ষক নৃত্যানুষ্ঠান পরিবেশন করে শিশুরা।