যুক্তরাষ্ট্রে নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের ৩০ বছর পূর্তি
বিদায় নিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোর্শেদ আলম।
যুক্তরাষ্ট্রে মূলধারার রাজনীতিতে প্রবাসীদের সম্পৃক্ততার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত নিউ ইয়র্কভিত্তিক ‘নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাব’ (এনএডিসি) তাদের প্রতিষ্ঠার ৩০ বছর পূর্তি উদযাপন করেছে।
এ উপলক্ষ্যে রোববার সন্ধ্যায় নিউ ইয়র্কের উডসাইডে গুলশান টেরেসে ডিনার অনুষ্ঠানের আয়োজন করেন তারা।
অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মোর্শেদ আলমকে শুভেচ্ছা, সম্মাননা দিয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। শারীরিক জটিলতা নিয়ে দীর্ঘদিন তিনি সংগঠনের নেতৃত্ব দিয়ে আসছিলেন।
বিদায়ী বক্তব্যে মোর্শেদ আলম বলেন, “আজ আমি তৃপ্ত ও অভিভূত। একই সঙ্গে আমি নিশ্চিত যে, আমার অনুপস্থিতিতেও এই সংগঠন গতিহীন হবে না। যাদের হাতে দায়িত্ব ন্যস্ত করা হচ্ছে, তারা সর্বমহলে সম্পর্ক গড়ে তুলতে সক্ষম হয়েছেন। যে লক্ষ্য ও প্রত্যাশা নিয়ে ৩০ বছর আগে এই ক্লাবের যাত্রা শুরু হয়েছিল, আজ তা আর দ্বিধা বা দ্বন্দ্বে নেই।”
অনুষ্ঠানে নিউ আমেরিকান ডেমোক্র্যাটিক ক্লাবের নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়। নতুন কমিটিতে প্রেসিডেন্ট হয়েছেন আহনাফ আলম, নির্বাহী পরিচালক রাব্বি সৈয়দ। ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন আঞ্জাম সিদ্দিক, জপনিত সিং ও শাহ ফারুক।
পলিটিক্যাল ডাইরেক্টর নূসরাত আলম এবং ক্যাম্পেইন ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পেয়েছেন জে মোল্লাহ সানী। অবশিষ্ট কর্মকর্তাদের তালিকা শিগগির প্রকাশ করা হবে, একই সঙ্গে সহযোগী সংগঠন নিউ আমেরিকান উইমেন্স ফোরামের নতুন কমিটির ঘোষণাও আসবে বলে জানানো হয়।
বার্ষিক এই ডিনার অনুষ্ঠানে বক্তব্য দেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ‘আমরা সবাই আমেরিকান’ এই চেতনা লালন করতে হবে। আমরা যদি ভেদাভেদের ঊর্ধ্বে উঠে ঐক্য ধরে রাখতে পারি, তবে কেউ আমাদের অধিকার ও মর্যাদা খর্ব করতে পারবে না।”
নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলিওম্যান ক্যাটালিনা ক্রুজ বলেন, “মোর্শেদ আলমের দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশি কমিউনিটি মূলধারার রাজনীতিতে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখতে পারবে। তারা ইতোমধ্যে ভোটের রাজনীতিতে সরব হয়েছে, এখন প্রয়োজন আরও দৃঢ় ঐক্য।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন স্টেট সিনেটর জন লিউ, স্টেট সিনেটর লিরয় কমরি, স্টেট অ্যাসেম্বলিম্যান স্টিভ রাঘা ও জেসিকা গঞ্জালেস রোজা, নিউ ইয়র্ক সিটি কাউন্সিলম্যান শেখর কৃষ্ণান, নিউ জার্সির ফ্র্যাঙ্কলিন সিটির কাউন্সিলওম্যান সেফা উদ্দিন, ব্রিজওয়াটার টাউনশিপের কাউন্সিলওম্যান রিদওয়ানা ইসলাম, ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলীপ নাথ, অ্যাটর্নি মঈন চৌধুরী, নিউ ইয়র্ক স্টেট কমিটিওম্যান জামিলা উদ্দিন, কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মান এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৩৬ থেকে ডেমোক্র্যাটিক পার্টির মনোনয়ন প্রত্যাশী মেরি জুবাইদা।
কমিউনিটি সংগঠনের প্রতিনিধিদের মধ্যে বক্তব্য দেন মাফ মিসবাহউদ্দিন, জয়নাল আবেদীন, শামসুল হক ও পল খান।
