আবুধাবিতে এক টিকিটে ৫০ কোটি টাকা জিতলেন ৩৬ বাংলাদেশি
প্রতিবারই বিগ টিকিট কিনতেন তারা। আরব উপসাগরের বুকে বহু জল গড়ায়, কিন্তু ওদের ভাগ্য বদলায় না।
ওরা ৩৬ জন। থাকেন সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। বেশিরভাগই প্রান্তিক কর্মজীবী। কেউ ক্ষুদ্র ব্যবসায়ী, কেউবা বেসরকারি প্রতিষ্ঠানের চাকুরে।
মরুর দেশে তীব্র তাপমাত্রায় পরিশ্রম করা একেকজন রেমিট্যান্স-যোদ্ধার চোখেমুখে থাকে দিন বদলের স্বপ্ন। কিন্তু সামান্য চাকরি করে সেই স্বপ্ন অধরাই থেকে যায়। তাই আশা নিয়ে ৩৬ জন মিলে কেনেন দেশটির আবুধাবি জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্কমুক্ত লটারির ‘দ্য বিগ টিকিট’।
মঙ্গলবার আবুধাবিতে লটারির ড্র অনুষ্ঠিত হয়। এতে তাদের কেনা ২৬৬ সিরিজের টিকিট নম্বর ২০১৯১৮ জেতে ১৫ মিলিয়ন দিরহাম, যা বাংলাদেশি টাকায় প্রায় ৪৯ কোটি ৫০ লাখ টাকা।
খবর পেয়ে রাতারাতি কোটিপতি বনে যাওয়া ৩৬ বাংলাদেশি এদিন সন্ধ্যায় ছুটে আসেন স্থানীয় আল আইন বাজারে। শ্রম আর ঘামের এই প্রবাসে ওদের জীবনে এটা বড় ঘটনাই। জীবনের মোড় বদলে যাওয়ার আনন্দঘন ক্ষণটি স্মরণীয় করে রাখতে মিলিত হন সবাই।
এ বাংলাদেশিদের সবার বাড়ি চট্টগ্রামে। কেউ ফটিকছড়ি, নাজিরহাট কিংবা রাউজানের। সবার মুখে হাসির ঝিলিক। হাতে বিজয় চিহ্ন।
তারা জানান, ভাগ্য বদলের আশায় প্রতিবারই বিগ টিকিট কিনতেন তারা। আরব উপসাগরের বুকে বহু জল গড়ায়, কিন্তু ওদের ভাগ্য বদলায় না। এবার পালাবদলে টিকিট কেনা হয়েছিল পেশায় রঙমিস্ত্রির কাজের ঠিকাদার নূর মিয়া ফারুক (৩৫) এর নামে।
নূর মিয়া বলেন, “কাজের অবসরে সপ্তাহান্তে এলাকার ভাই-বন্ধুদের আড্ডায় জীবন যুদ্ধের গল্প চলে, দেশের পরিস্থিতি নিয়ে আলাপচারিতা হয়। এখানেই একসময় আমাদের একজন প্রস্তাব করেন বিগ টিকিট কেনার। সেই ৫ বছর ধরে আড্ডায় যে যা পারেন চাঁদা তুলে পাঁচশ দিরহাম জড়ো করে প্রতি মাসে বিগ টিকিট কেনা শুরু।”
এই ভাগ্যবানদের দলেরই একজন সোহেল মনি রসিকতা করে বলেন, “এবারের বিগ টিকিটে নূর মিয়াই সবচেয়ে কম টাকা দিয়েছিলেন, তার মানে নিজের নামে টিকিট কেনা হলেও তার হিস্যা সবার চেয়ে কম!”
কিন্তু এতে নূরের কিছু যায় আসে না। বন্ধু সোহেলের কথায় তাদের ‘লাকি ম্যান’ নূর মিয়া বলেন, “আলহামদুলিল্লাহ আঁরা ভাই বেরাদর বেয়াক্কুন মিলি বিগ টিকিট জিতিত ফারি বউত খুশি লার! আঁর ফইসা খম হইলেও আঁরা ত জিত্তি!”
একই ড্রতে আরও ১০টি এক লাখ দিরহাম করে এবং ৩১টি ৫০ হাজার দিরহাম করে পুরস্কার ঘোষণা করা হয়। এতে বাংলাদেশি মো. জিয়াউদ্দিন রাশেদ এবং মোহাম্মদ খোরশেদ হোসেন এই সিরিজে ৫০ হাজার দিরহাম পুরস্কার জিতেছেন।
