যুক্তরাষ্ট্রে আসছেন ইউনূস, পাল্টাপাল্টি কর্মসূচি বিএনপি-আ.লীগের
বিএনপি স্বাগত সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।
জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আসাকে কেন্দ্র করে পরস্পরবিরোধী কর্মসূচি দিয়েছে বিএনপি ও আওয়ামী লীগ।
আসছে মঙ্গলবার দুপুরে নিউ ইয়র্কে জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে মুহাম্মদ ইউনূসের। এ উপলক্ষ্যে বিএনপি স্বাগত-সমাবেশ এবং আওয়ামী লীগ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি নিচ্ছে।
শুক্রবার সন্ধ্যায় প্রস্তুতিসভা করেছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি। সংগঠনের সাধারণ সম্পাদক সাঈদুর রহমান সাঈদের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান।
তারা জানান, ২৪ সেপ্টেম্বর ইউনূসের যুক্তরাষ্ট্রে আসা উপলক্ষ্যে সংবর্ধনা সভা এবং ২৭ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ উপলক্ষ্যে ‘শান্তি-সমাবেশ’ করবেন তারা।
অন্যদিকে বিমানবন্দরে ইউনূসের পৌঁছানোর সময় বিক্ষোভের প্রস্তুতিতে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, ফ্লোরিডা, জর্জিয়া, মিশিগান, ভার্জিনিয়া ও বস্টনে আওয়ামী লীগের উদ্যোগে এখন পর্যন্ত ১২টি প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
এসব প্রস্তুতিসভায় নেতৃত্ব দেন আওয়ামী লীগ নেতা সিদ্দিকুর রহমান ও সামাদ আজাদ। এছাড়া ‘একাত্তর প্রহরী’ এবং ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ নামে দুটি নতুন সংগঠনের পক্ষ থেকে র্যালির প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর অংশ হিসেবে রোববার বিকেলে জ্যাকসন হাইটসে ডাইভার্সিটি প্লাজায় ‘বিভেদ ও অনৈক্যের দিন হোক শেষ, হঠাও রাজাকার বাঁচাও বাংলাদেশ’ স্লোগানে সমাবেশ করবে ‘একাত্তরের প্রহরী’। এর নেতৃত্বে রয়েছেন মুক্তিযোদ্ধা নূরুন্নবী।
অন্যদিকে সোমবার বিকেলে ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’ সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত কর্মসূচি ঘোষণা করবে বলে জানান সংগঠনটির নেতা ফরিদ আলম।
