২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে অভিবাসীদের ঢল, শীর্ষে বাংলাদেশিরা

এ বছর এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছে ৫ হাজার ৭৯৬ জন বাংলাদেশি।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে অভিবাসীদের ঢল, শীর্ষে বাংলাদেশিরা
ইল ফাত্তো কোয়েতিদিয়ানো, ইতালি

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2025, 08:44 PM

Updated : 26 Aug 2026, 12:40 PM

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে আফ্রিকার উপকূলবর্তী দেশ লিবিয়া ও তিউনিসিয়া থেকে অবৈধভাবে ইতালিতে প্রবেশের প্রবণতা আবারো বেড়েছে। 

ইতালির দৈনিক ইল ফাত্তো কোয়েতিদিয়ানো এক প্রতিবেদনে জানায়, চলতি বছরের এপ্রিল মাসে ভূমধ্যসাগরীয় এই রুট ব্যবহার করে দেশটিতে পাড়ি জমিয়েছে ৬ হাজার ৪০০ জন অভিবাসী, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৩৫ শতাংশ বেশি।

শুধু এপ্রিলের শেষ দুই সপ্তাহেই ইতালিতে প্রবেশ করেছে প্রায় ২ হাজার অভিবাসনপ্রত্যাশী। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০২৫ সালের শুরু থেকে এ পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছে ১৫ হাজার ৫৪৩ জন অভিবাসী।

স্থানীয় প্রশাসনের তথ্যমতে, এই পথ ব্যবহারকারী অভিবাসীদের মধ্যে বাংলাদেশি নাগরিকরাই সংখ্যায় সবচেয়ে বেশি। এ বছর এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে প্রবেশ করেছে ৫ হাজার ৭৯৬ জন বাংলাদেশি। 

দ্বিতীয় অবস্থানে রয়েছে পূর্ব আফ্রিকার দেশ ইরিত্রিয়া, যাদের সংখ্যা ১ হাজার ৭৪৮ জন। অধিকাংশ অভিবাসীর যাত্রা শুরু হয়েছে লিবিয়া ও তিউনিসিয়ার উপকূল থেকে।

গত ২৯ এপ্রিল ইতালির কোস্টগার্ডের তথ্যানুযায়ী, ৯৩৫ জন অভিবাসী ইতালির দ্বীপাঞ্চল লাম্পেদুসায় পৌঁছায়। তাদের মধ্যে ২৬৫ জনকে পরবর্তীতে এমপেদোকলে বন্দরে স্থানান্তর করা হয়। এই দলে বাংলাদেশ, পাকিস্তান, মিশর, ইথিওপিয়া, সুদান, সোমালিয়া ও নাইজেরিয়ার নাগরিকরা ছিলেন।

ইউরোপীয় ইউনিয়নের কমিশন সভাপতি উরসুলা ভন ডার লেয়েন বলেন, “অবৈধভাবে ইউরোপে প্রবেশ করা অভিবাসীদের মধ্যে মাত্র ২০ শতাংশকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো সম্ভব হচ্ছে, যা অত্যন্ত হতাশাজনক। আমরা চাই, নিরাপদ দেশগুলোর নাগরিকদের দ্রুত ফেরত পাঠাতে কার্যকর কৌশল গ্রহণ করা হোক। বাংলাদেশ ও মিশরের মতো দেশের ক্ষেত্রে সেই প্রক্রিয়া আরও জোরদার করার ওপর আমরা কাজ করছি।”

অবৈধ অভিবাসন রোধ এবং অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাতে ব্যর্থ হওয়ায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকার সমালোচনার মুখে পড়েছে। ক্ষমতায় আসার আগে অভিবাসন নিয়ে কড়া অবস্থানের কথা বললেও বাস্তবে তা কার্যকর করতে ব্যর্থ হচ্ছেন বলে মত বিশ্লেষকদের।

এ প্রসঙ্গে ইতালির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং বর্তমান ভাইস-প্রেসিডেন্ট মাত্তেও সালভিনি অভিবাসন পরিস্থিতির অবনতির জন্য বিচার বিভাগের কিছু অংশ এবং শক্তিশালী মাফিয়া নেটওয়ার্ককে দায়ী করেছেন। তবে তিনি আশ্বাস দেন, ইউরোপীয় আইন মেনে চললেও সরকার অবৈধ অভিবাসন প্রতিরোধে কঠোর অবস্থান অব্যাহত রাখবে।