নিউ ইয়র্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
এ উপলক্ষ্যে সাবেক শিক্ষার্থীরা কেক কাটেন ও স্মৃতিচারণ করেন।
নিউ ইয়র্কে উদযাপিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৪তম প্রতিষ্ঠাবার্ষিকী।
মঙ্গলবার জ্যামাইকার ইলহাম একাডেমির কনফারেন্স কক্ষে এ আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শুরুতেই পরিবেশিত হয় সমবেত কণ্ঠে জাতীয় সংগীত।
এরপর স্মৃতিচারণে মেতে ওঠেন অংশগ্রহণকারীরা। ক্যাম্পাস জীবনের নানা স্মৃতি স্মরণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন শিক্ষাবিদ মুহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য দেন আয়শা আক্তার, সজল রোশান, বিলকিস বেগম, জাসির কবির, টুটুল, মোহাম্মদ ইশতিয়াক উদ্দিন, মোহাম্মদ শিকদার, নাসির খান, আখতারুজ্জামান খান, জাকির পাটোয়ারী, শামিম আল-আমিন, দিলরুবা আয়েশা, মোহাম্মদ বদিউজ্জামান, ইমাম চৌধুরী, ফাইজা করিম, হাবিব খান, শান্ত বিশ্বাস, সাঈদ তারেক, হাবিবুর রহমান, এবি মির্জা ইসলাম, এম এ হক, এম আর চৌধুরী ও এম আমির হোসাইন।
অনুষ্ঠান উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এ টি এম আব্দুল বারি ড্যানি বলেন, “আমাদের প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান আজ ১০৪ বছরে পদার্পণ করেছে—এ গর্ব আমাদের সবার। দেশের শিক্ষা, সংস্কৃতি ও গণতান্ত্রিক চেতনায় এর ভূমিকা অনন্য। আমরা গর্বিত যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হতে পেরেছি।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন সাবেক শিক্ষার্থীরা। পরে চলে প্রাণবন্ত আড্ডা, গল্পগুজব আর স্মৃতিমাখা মুহূর্তগুলোকে ফ্রেমে ধরে রাখার ছবি তোলা।
আয়োজকরা জানান, গত কয়েক বছর ধরেই নিয়মিত নিউ ইয়র্কে এই আয়োজন অনুষ্ঠিত হয়ে আসছে। প্রতিবারই সাবেক শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
