২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালদ্বীপে বিদেশি শ্রমশক্তির সর্বোচ্চ অংশীদার বাংলাদেশ: হাও ঝাং

দেশটিতে বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী শ্রমবাজারে অবদান রাখছেন।

মালদ্বীপে বিদেশি শ্রমশক্তির সর্বোচ্চ অংশীদার বাংলাদেশ: হাও ঝাং
জাতিসংঘের রেসিডেন্ট কো–অর্ডিনেটর (ইউএনআরসি) হাও ঝাং ও মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম।

বিডিনিউজ২৪

এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2025, 09:33 AM

Updated : 26 Aug 2026, 05:10 PM

মালদ্বীপে কর্মরত বিদেশি শ্রমশক্তির মধ্যে বাংলাদেশের অবস্থান শীর্ষে। দেশটিতে বর্তমানে এক লাখেরও বেশি বাংলাদেশি কর্মী শ্রমবাজারে অবদান রাখছেন। প্রবাসী এই কর্মীদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাকে জাতিসংঘ অগ্রাধিকার হিসেবে বিবেচনা করছে বলে জানিয়েছেন মালদ্বীপে নিযুক্ত জাতিসংঘের রেসিডেন্ট কো–অর্ডিনেটর (ইউএনআরসি) হাও ঝাং।

রোববার মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন। 

বৈঠকটি বাংলাদেশ হাই কমিশনের চ্যান্সারি ভবনে অনুষ্ঠিত হয় বলে জানান হাই কমিশনারের ব্যাক্তিগত কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান।

বৈঠকে জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের বিদ্যমান সহযোগিতা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রবাসী বাংলাদেশি কর্মীদের অধিকার, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার বিষয়টিকে উভয় পক্ষই গুরুত্ব দেন।

এসময় ইউএনআরসি হাও ঝাং মালদ্বীপে জাতিসংঘের চলমান কর্মকাণ্ড, অগ্রাধিকারমূলক খাত এবং বিদ্যমান সম্পদের সর্বোত্তম ব্যবহারে নেওয়া উদ্যোগ সম্পর্কে হাই কমিশনারকে জানান।

হাই কমিশনার মোহাম্মদ নাজমুল ইসলাম অভিবাসী কর্মীদের অধিকার, স্বাস্থ্যসেবা ও অন্যান্য মৌলিক খাতে সহযোগিতা করায় জাতিসংঘকে ধন্যবাদ জানান। 

তিনি বলেন, "প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সমাজ-সংস্কৃতি ও ভাষার সঙ্গে দ্রুত মানিয়ে নিতে পারে এবং দেশটির অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।"

বৈঠকে তিনি মালদ্বীপের মেডিসিন গ্র্যাজুয়েটদের বাংলাদেশে ইন্টার্নশিপ সুযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি জনস্বাস্থ্য, শ্রম অধিকার ও মানবসম্পদ উন্নয়নে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদারের কথাও উল্লেখ করেন।

হাই কমিশনার জাতিসংঘ সংস্থাগুলো, মালদ্বীপ সরকার ও বাংলাদেশ হাই কমিশনের যৌথ উদ্যোগে শ্রম অধিকার, জনস্বাস্থ্যসহ বিভিন্ন বিষয়ে সেমিনার ও কর্মসূচি আয়োজনের প্রস্তাব দেন। ইউএনআরসি প্রস্তাবটি স্বাগত জানিয়ে জানান, তিনি আইওএমকে মালদ্বীপে অভিবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষায় আরও কার্যকর প্রস্তাব উপস্থাপনের অনুরোধ জানাবেন।

এছাড়া নিরাপদ অভিবাসন ও কার্যকর মনিটরিং নিশ্চিত করতে আইওএম বাংলাদেশ ও আইওএম মালদ্বীপের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার কথাও উঠে আসে, যা ভবিষ্যতে ত্রিপাক্ষিক কাঠামোকে আরও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেন তারা।

তারা জানান, জাতিসংঘ-বাংলাদেশ-মালদ্বীপের সমন্বিত উদ্যোগ এ অঞ্চলে শান্তি, মানবিক সুরক্ষা, অভিবাসী কল্যাণ এবং টেকসই উন্নয়নের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।