২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরতে চান মালদ্বীপে অসুস্থ প্রবাসী তৈয়ব

চিকিৎসকদের মতে, তৈয়ব উদ্দিনের শরীরের একপাশ পুরোপুরি অচল হয়ে গেছে।

দেশে ফিরতে চান মালদ্বীপে অসুস্থ প্রবাসী তৈয়ব
হাসপাতালে তৈয়ব উদ্দিন (৫৪)।

বিডিনিউজ২৪

কে এম ওমর ফারুক, মালদ্বীপ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 11:33 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

মালদ্বীপে কাজ করার সময় হঠাৎ মস্তিষ্কে রক্তক্ষরণে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন এক বাংলাদেশি প্রবাসী। বর্তমানে তিনি রাজধানী মালের একটি হাসপাতালে চিকিৎসাধীন। 

পরিবার ও প্রবাসী সহকর্মীদের দাবি, উন্নত চিকিৎসার জন্য তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা প্রয়োজন। তবে অর্থাভাবে তা সম্ভব হচ্ছে না। তাই সরকার ও সহমর্মী প্রবাসীদের কাছে সহায়তা কামনা করছেন তারা।

অসুস্থ প্রবাসীর নাম তৈয়ব উদ্দিন (৫৪)। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার তুলাতুলি গ্রামের মৃত আবদুস সুবহানের ছেলে।

চিকিৎসকদের মতে, তৈয়ব উদ্দিনের শরীরের একপাশ পুরোপুরি অচল হয়ে গেছে। উন্নত চিকিৎসা নিশ্চিত করতে হলে তাকে বাংলাদেশে পাঠানো জরুরি। 

কিন্তু প্রবাসে অবস্থানরত সহকর্মীদের পক্ষে তার চিকিৎসা ও দেশে পাঠানোর ব্যয় বহন করা ক্রমেই কষ্টসাধ্য হয়ে উঠছে।

পাঁচ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় তৈয়ব মালদ্বীপে পাড়ি জমান। প্রবাস জীবনের শুরুতে কিছুদিন বৈধভাবে কাজ করলেও পরে কুদাহুভাধু দ্বীপে বিভিন্ন নির্মাণাধীন প্রতিষ্ঠানে অনিয়মিতভাবে শ্রমিক হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

দশ দিন আগে প্রতিদিনের মতো কর্মস্থলে গেলে হঠাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে অচেতন হয়ে যান তিনি। সহকর্মীরা তাকে তাৎক্ষণিক স্থানীয় হাসপাতালে নিয়ে যান। 

সেখান থেকে শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে মালের ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং শরীরের একপাশ পুরোপুরি অচল হয়ে পড়েছে।

বর্তমানে তার চিকিৎসা ও দেখভালের দায়িত্ব নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলার মালদ্বীপ প্রবাসী মুহাম্মদ আহমেদ ও রফিকুল ইসলাম। 

তারা বলেন, “এখানে তৈয়ব উদ্দিনের কোনো আত্মীয়স্বজন নেই। এমতাবস্থায় আমরাই তার দেখাশোনা করছি এবং চিকিৎসার সব খরচ বহন করছি। তবে দীর্ঘদিন এভাবে ব্যয় চালিয়ে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়।”

তারা আরও জানান, “তৈয়ব উদ্দিনকে দ্রুত দেশে পাঠানোর প্রয়োজন। এজন্য আমরা বাংলাদেশ হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি আমাদের আশ্বস্ত করেছেন, তাকে দেশে পাঠানোর বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।”

বৃহস্পতিবার রাতে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতালে তৈয়ব উদ্দিনকে দেখতে যান মালদ্বীপে বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ সহকারী মো. জসিম উদ্দিন। তিনি সেখানে তৈয়ব উদ্দিনের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করেন।

তৈয়ব উদ্দিনের স্ত্রী হাফেজা বেগম কান্নাজড়িত কণ্ঠে মুঠোফোনে বলেন, “আমি কীভাবে তার চিকিৎসা করাবো, ছেলে-মেয়েদের খাওয়াবো? আমার স্বামীকে দেশে আনতে এত টাকাও কোথায় পাবো? বাংলাদেশ সরকার এবং প্রবাসীরা যদি সহযোগিতা না করেন, তাহলে আমার ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় থাকবে না।”