২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়েতে দুই দশকে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

বাংলাদেশ দূতাবাসের সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য উঠে এসেছে।

কুয়েতে দুই দশকে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
কুয়েতে বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ২৪

আ হ জুবেদ, কুয়েত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Nov 2025, 04:37 AM

Updated : 26 Aug 2026, 05:07 PM

উপসাগরীয় দেশ কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের অস্বাভাবিক মৃত্যুহার নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। 

বাংলাদেশ দূতাবাসের সর্বশেষ পরিসংখ্যানে জানা যায়, ২০০৫ থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত গত ২০ বছরে দেশটিতে মোট ৪ হাজার ৯৯৮ জন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। 

গড়ে প্রতি মাসে ২০ জনেরও বেশি বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, সংখ্যাটি বিদেশে কর্মরতদের স্বাস্থ্যঝুঁকি ও কর্মপরিবেশে বিদ্যমান সংকটকে স্পষ্ট করে।

বর্তমানে কুয়েতে প্রায় তিন লাখ ২০ হাজার বাংলাদেশি কর্মরত। দূতাবাসের তথ্যমতে, করোনাভাইরাস মহামারী উল্লেখযোগ্য প্রভাব ফেললেও প্রবাসীদের মৃত্যুর প্রধান কারণ রয়ে গেছে হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণ। 

করোনাভাইরাসের আগে প্রতি মাসে গড়ে ১৪ থেকে ১৫টি মৃত্যু হলেও মহামারীর সময় তা উদ্বেগজনক হারে বৃদ্ধি পায়। ২০২১ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত এক বছরে ৪৪০ জন প্রবাসী মারা যান। এর মধ্যে হৃদরোগে ১৯০ জন এবং করোনাভাইরাসে ১০৮ জনের মৃত্যু ঘটে। 

বাকি মৃত্যুর কারণ আত্মহত্যা, মস্তিষ্কে রক্তক্ষরণ ও অন্যান্য রোগ। ওই সময়ে মাসিক গড় মৃত্যু দাঁড়ায় ৩৬ জনের বেশি।

গত ২০ বছরের মোট মৃত্যুর মধ্যে দুর্ঘটনায় মারা গেছেন ৬৫৪ জন। বাকিদের মৃত্যু ঘটেছে হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ, আত্মহত্যা, ক্যানসার এবং কর্মক্ষেত্র-সম্পর্কিত বিভিন্ন কারণে। 

ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্যেও দেখা যায়, মধ্যপ্রাচ্য থেকে দেশে ফেরত আসা মধ্যবয়সী অনেক প্রবাসীর মৃত্যুর কারণ মস্তিষ্কে রক্তক্ষরণ। উল্লেখযোগ্য অংশের বয়স ছিল ২৮ থেকে ৪০ বছরের মধ্যে।

এই পরিস্থিতিকে ‘বেদনাদায়ক ও উদ্বেগজনক’ বলে মন্তব্য করেছেন কুয়েতের কমিউনিটি নেতা ও ব্যবসায়ী আব্দুল হাই মামুন। 

তিনি বলেন, "অতিরিক্ত কাজের চাপ, অনিয়মিত জীবনযাপন, বিশ্রামের অভাব এবং প্রবাস জীবনের একাকীত্ব প্রবাসীদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে।"

তিনি নিয়মিত স্বাস্থ্যসচেতনতা কার্যক্রম, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, মানসিক সহায়তা, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং কুয়েত সরকারের সঙ্গে শ্রমপরিবেশ নিয়ে আলোচনার ওপর গুরুত্ব দেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, কোনো প্রবাসী মারা গেলে দ্রুত লাশ দেশে পাঠাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। অনেক ক্ষেত্রে নিয়োগকর্তাকে শনাক্ত করা সম্ভব না হলে মৃতদেহ দেশে পাঠানোর ব্যয়ও দূতাবাস নিজে বহন করছে।

প্রবাসী কমিউনিটি নেতারা মনে করছেন, কুয়েতে বিপুলসংখ্যক বাংলাদেশি শ্রমিকের নিরাপত্তা, স্বাস্থ্যসুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে এখনই দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সমন্বিত ব্যবস্থা গ্রহণ জরুরি।