নিউ ইয়র্কে শুরু চার দিনের বইমেলা
উদ্বোধনী অনুষ্ঠানে ‘আজীবন সম্মাননা’ দেওয়া হয় অর্থনীতিবিদ রেহমান সোবহানকে।
লেখক, সাহিত্যিক, কবি, প্রকাশক ও বইপ্রেমীদের প্রাণবন্ত উপস্থিতিতে নিউ ইয়র্কে শুরু হয়েছে চার দিনের বইমেলা।
‘যতবই ততপ্রাণ’ স্লোগানে এবার ‘নিউ ইয়র্ক আন্তর্জাতিক বইমেলা’র ৩৫তম এ আয়োজনে দুই বাংলা ও প্রবাসে থাকা কবি, লেখক, সাহিত্যিক ও প্রকাশকরা অংশ নিচ্ছেন।
নিউ ইয়র্কের কুইন্সে ‘জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার’ মিলনায়তনে শনিবার মেলার উদ্বোধন করেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, অর্থনীতিবিদ ও শিক্ষক অধ্যাপক রেহমান সোবহানকে আজীবন সম্মাননা পদক প্রদান করা হয়। এসময় পাশে ছিলেন তার স্ত্রী অধ্যাপক রওনক জাহান।
সোমবার পর্যন্ত এই বইমেলার বিভিন্ন পর্বে শতাধিক লেখক-সাহিত্যিক-সাংবাদিক-সাংস্কৃতিক সংগঠক অংশ নেবেন। বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা থাকার তথ্য দেন আয়োজকরা।
অপসংস্কৃতিকে রুখে দেওয়ার আহ্বানে অনুষ্ঠিত হবে আলাপ-চারিতা। নবীন-প্রবীণের সমন্বয়ে বইমেলার কার্যক্রম সাজানো হয়েছে বলে জানান আয়োজকরা।
উদ্বোধন অনুষ্ঠানে বাংলা ভাষা ও সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে আরো জোরালোভাবে উপস্থাপনে গল্প, উপন্যাস, ইতিহাস, ঐতিহ্যভিত্তিক প্রবন্ধ ও নিবন্ধের ইংরেজি অনুবাদ আরও বাড়ানোর ওপর গুরুত্ব দেন বক্তারা।
যুক্তরাষ্ট্রসহ প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মের মধ্যে বাংলাদেশ ও বাঙালি সংস্কৃতির ধারা প্রবাহিত রাখতে অনুবাদ গ্রন্থের বিকল্প নেই বলে তুলে ধরা হয়।
জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টার মিলনায়তনে ও বাইরে উম্মুক্ত প্রাঙ্গণে বইয়ের স্টল সাজানো হয়েছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত লেখক, সাহিত্যিক, কবি ও পাঠকদের বইমেলায় স্বাগত জানান মেলার আয়োজক মুক্তধারা ফাউন্ডেশনের সভাপতি মুক্তিযোদ্ধা ডা. জিয়াউদ্দিন আহমেদ ও মেলা আয়োজ কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম।
উদ্বোধনকালে ইমদাদুল হক মিলন বলেন, ঢাকায় বাংলা একাডেমি স্থাপন করা হয়েছিল বাংলা বই অনুবাদের মধ্য দিয়ে বিশ্ব পরিমন্ডলে বাঙালি সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার জন্য। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হয়নি। কিছু বইয়ের অনুবাদ করা হলেও তা ভাষাগতভাবে খুবই দুর্বল। নিউইয়র্কের এই বইমেলার সঙ্গে সম্পৃক্তরা সে দায়িত্ব নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।
অধ্যাপক রেহমান সোবহান বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদান এবং বাঙালিদের স্বাধীনতা অর্জনের পথে উজ্জীবিত-উৎসাহিত করতে যে বা যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন তাদের নিয়ে বিতর্ক এখনও অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতির অবসান দরকার। ইতিহাসকে ভুলভাবে উপস্থাপনের মধ্যদিয়ে একটি জাতি এগিয়ে চলার পথ কখনোই কুসুমাস্তীর্ণ হতে পারে না।
এদিন ঐতিহ্যবাহী ঢোলের ধ্বনি দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন ঢুলি মোবারক হোসেন। এরপর মালবিকা চ্যাটার্জির নির্দেশনায় 'সংগীত সাধনা'র শিক্ষার্থীরা সমবেত কন্ঠে ‘আজি দখিন দুয়ার খোলা’, ‘বাউলা কে বানাইলো রে’ পরিবেশন করেন। এ সময় আবহসংগীত 'আগুনের পরশমণি'র সঙ্গে স্মারকচিত্রে মোমবাতি প্রজ্বলন করেন লেখক-সাহিত্যিক আবদুন নূর, জিয়াউদ্দিন আহমেদ ও নজরুল ইসলাম।
পুরো আয়োজনে ভিন্ন আমেজ ছড়িয়ে দেন নৃত্যাঞ্জলির শিল্পীরা। চন্দ্রা ব্যানার্জির পরিকল্পনা ও নির্দেশনায় তারা ‘আলোকের এই ঝরণা ধারায়’ এবং ‘হৃদয় আমার নাচেরে’ ও ‘বাগিচায় বুলবুলি তুই’ গানের সাথে নৃত্য পরিবেশন করেন।
এবারের বইমেলার উদ্বোধন পর্বে বাংলাদেশ, কলকাতা ও প্রবাসের ৩৫ কবি-লেখক-প্রকাশককে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
তারা সবাই মঙ্গল প্রদীপ প্রজ্বলনে অংশ নেন। তাদের মধ্যে ছিলেন রওনক জাহান, ফরিদুর রেজা সাগর, বব হোলম্যান, অধ্যাপক মোস্তফা সারোয়ার, অধ্যাপক বীরুপাক্ষ পাল, দীপেন ভট্টাচার্য, সুবোধ সরকার, ফারুক মঈনউদ্দীন, সাদাত হোসাইন, মনিরুল হক, হুমায়ূন কবির ঢালি, গৌতম দত্ত, শামস আল মমীন, কৌশিক সেন, জাফর আহমদ রাশেদ, রুদ্র শংকর ও ফারুক আহমেদ।
‘মুক্তিযুদ্ধের প্রেক্ষিতে বর্তমান বাংলাদেশ এবং ভবিষ্যতের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনায় অংশ নেন রেহমান সোবহান ও রওনক জাহান।
তারা বর্তমান বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং সকলকে ইতিহাসের সঠিক ধারায় ঐক্যবদ্ধ হবার তাগিদ দেন। অন্যথায় গত ৫৫ বছরে যতটা অগ্রগতিসাধিত হয়েছে তা আবারো মুখ থুবড়ে পড়ার আশংকা ক্রমান্বয়ে প্রবল হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন।
অনুষ্ঠানের এ অংশ সঞ্চালনা করেন নজরুল ইসলাম। এসময় তিনি নিজের লেখা ‘স্বাধীনতা ও বঙ্গবন্ধু’ নামের একটি গ্রন্থ উপহার দেন রেহমান সোবহান ও রওনক জাহান দম্পতিকে।
