১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৩ খণ্ডে ফোবানার চেয়ারম্যান জাকারিয়া, বেলাল ও গিয়াস

তিন দিনব্যাপী আয়োজিত তিন সম্মেলনে তিনটি আলাদা নির্বাহী কমিটি ঘোষণা করেছেন তারা।

৩ খণ্ডে ফোবানার চেয়ারম্যান জাকারিয়া, বেলাল ও গিয়াস
তিন অংশের নবনির্বাচিত চেয়ারম্যান- জাকারিয়া চৌধুরী, রবিউল করিম বেলাল ও গিয়াস আহমেদ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 11:22 AM

Updated : 26 Aug 2026, 02:14 PM

‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন্স ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)-এর তিনটি সম্মেলন একই সময়ে অনুষ্ঠিত হয়েছে কানাডার মন্ট্রিয়ল, যুক্তরাষ্ট্রের আটলান্টা ও বাফেলো শহরে। 

রোববার পর্যন্ত তিন দিনব্যাপী আয়োজিত এই তিন সম্মেলনে তিনটি আলাদা নির্বাহী কমিটি ঘোষণা করেছেন তারা।

কানাডার মন্ট্রিয়লে আয়োজিত তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে ফোবানার সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে নিউ ইয়র্কের জাকারিয়া চৌধুরী চেয়ারম্যান, কানাডার দেওয়ান মনিরুজ্জামান ভাইস চেয়ারম্যান, টেক্সাসের নেহাল রহিম এক্সিকিউটিভ সেক্রেটারি এবং নিউ ইয়র্কের আমিনুল ইসলাম কলিন্স জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি নির্বাচিত হন।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী বছরের ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন হবে ‘অরল্যান্ডো বাংলাদেশ সমিতি’। সে অনুযায়ী ৪০তম ফোবানা কনভেনশন আগামী লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডো সিটিতে।

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা সংলগ্ন দুলুথ শহরে অনুষ্ঠিত ফোবানার অন্য একটি অংশের তিনদিনব্যাপী সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হন পেনসিলভেনিয়ার রবিউল করিম বেলাল। শিকাগোর খালেদ আহমেদ রউফ নির্বাচিত হন এক্সিকিউটিভ সেক্রেটারি। 

নির্বাহী কমিটির অন্য পদগুলোতে নির্বাচিত হয়েছেন- ভাইস চেয়ারম্যান মোহাম্মদ এম রহমান জহির, কোষাধ্যক্ষ মোহিনউদ্দিন দুলাল এবং জয়েন্ট এক্সিকিউটিভ সেক্রেটারি অ্যান্থনি পিয়ুস গোমেজ।

নতুন চেয়ারম্যান রবিউল করিম বেলাল জানান, তাদের আয়োজিত পরবর্তী ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস সিটিতে।

এদিকে, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বাফেলোতে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন গিয়াস আহমেদ। এই কমিটির এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন ফিরোজ আহমেদ। 

এছাড়া সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন কাজী সাখাওয়াত হোসাইন আজম, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ সেক্রেটারি হয়েছেন সাহাবুদ্দিন সাগর এবং ট্রেজারার নির্বাচিত হয়েছেন ওয়াহিদ কাজী এলিন।

গিয়াস আহমেদ জানান, আগামী বছরের ফোবানা সম্মেলনের আয়োজক হতে ইতোমধ্যে আবেদন করেছে কানাডার টরন্টো, যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া, কানেকটিকাট ও নিউ ইয়র্কের কয়েকটি সংগঠন। চূড়ান্ত সিদ্ধান্ত শিগগিরই নেওয়া হবে।

তিন শহরে আয়োজিত প্রতিটি সম্মেলনে ছিল সাংস্কৃতিক পরিবেশনা, বিষয়ভিত্তিক সেমিনার, সাহিত্য আসর, ইয়ুথ ফোরাম, বিজনেস নেটওয়ার্কিং এবং সমসাময়িক পরিস্থিতি নিয়ে মুক্ত আলোচনা। কানাডা ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সংগঠনগুলো এতে অংশ নেয়।