২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যামট্রামিকে প্রার্থী বাছাইয়ে ৩ বাংলাদেশি-আমেরিকানের জয়

নির্বাচিত প্রার্থীরা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন।

হ্যামট্রামিকে প্রার্থী বাছাইয়ে ৩ বাংলাদেশি-আমেরিকানের জয়
ডান থেকে নির্বাচিতরা- মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাঈম লিয়ন চৌধুরী।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2025, 10:41 PM

Updated : 26 Aug 2026, 01:31 PM

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে হ্যামট্রামিক শহরে প্রার্থী বাছাইয়ের নির্বাচনে মেয়র ও কাউন্সিলম্যান পদে তিনজন বাংলাদেশি-আমেরিকান প্রার্থী বিজয়ী হয়েছেন। 

সোমবার অনুষ্ঠিত এ নির্বাচনে বিজয়ীরা হলেন- মেয়র পদে মুহিত মাহমুদ এবং কাউন্সিলম্যান পদে আবু মুসা ও নাঈম লিয়ন চৌধুরী।

মিশিগান স্টেট বোর্ড অব ইলেকশনস সূত্রে জানা গেছে, বাছাই পর্বে নির্বাচিত প্রার্থীরা আগামী ৪ নভেম্বর অনুষ্ঠেয় চূড়ান্ত নির্বাচনে অংশ নেবেন।

প্রার্থী বাছাইয়ে মেয়র পদে মোট চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন, যাদের মধ্যে তিনজনই ছিলেন বাংলাদেশি। তাদের মধ্যে মুহিত মাহমুদ বিজয়ী হলেও পরাজিত হন দেওয়ান মাহমুদ চৌধুরী তুহিন ও হোসেন খান। 

অপর বিজয়ী প্রার্থী ইয়েমেনি বংশোদ্ভূত আদম হারবি। ফলে মেয়র পদের চূড়ান্ত নির্বাচনে মুখোমুখি হবেন মুহিত মাহমুদ ও আদম হারবি।

কাউন্সিলম্যান পদে বিজয়ী অন্য দুই বাংলাদেশি-আমেরিকান প্রার্থী হলেন আবু মুসা ও নাঈম লিয়ন চৌধুরী। তবে একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন রেজাউল চৌধুরী ও মাহমুদুর রহমান।

নির্বাচন-পরবর্তী প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী নাঈম লিয়ন চৌধুরী বলেন, “চূড়ান্ত নির্বাচনে আমাদের জাতিগত ঐক্য বজায় রাখতে পারলে মেয়রসহ কাউন্সিলম্যান পদে বাংলাদেশি প্রার্থীদের জয় কেউ ঠেকাতে পারবে না। এরই মধ্যে কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া দেখা যাচ্ছে।”

এর আগে পেনসিলভানিয়ার মিলবোর্নে মেয়র হিসেবে মাহবুবুল আলম তৈয়ব নির্বাচিত হয়েছিলেন। হ্যামট্রামিক শহরে মুহিত মাহমুদের এ জয়ের পর আরেকটি সম্ভাবনা তৈরি হলো।