২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় বাংলা স্কুলে এসএসসিতে পাসের হার ৯১.৮৯ শতাংশ

প্রবাসে থেকে এই হার ধরে রাখা 'বড় সাফল্য' বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেদ্দায় বাংলা স্কুলে এসএসসিতে পাসের হার ৯১.৮৯ শতাংশ
জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ।

বিডিনিউজ২৪

রফিক চৌধুরী, জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2025, 01:49 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

সৌদি আরবের জেদ্দায় অবস্থিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে এবছর  এসএসসি পরীক্ষায় গড় পাসের হার হয়েছে ৯১ দশমিক ৮৯ শতাংশ।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এই পরীক্ষায় তিনটি বিভাগ বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক থেকে মোট ৭৫ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৯ জন, ফেল করেছেন ৫ জন এবং একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

ফলাফলে দেখা গেছে, সবচেয়ে ভালো করেছে বিজ্ঞান বিভাগ। এই বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেন ৪১ জন। তাদের মধ্যে ২৬ জন পেয়েছেন জিপিএ ৫, ৮ জন পেয়েছেন গ্রেড ‘এ’ এবং ২ জন পেয়েছেন ‘বি’। একজন ফেল করেছেন।

অন্যদিকে, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে অংশ নেন ২৯ জন। এর মধ্যে ৯ জন জিপিএ ৫, ১৪ জন ‘এ’, ৩ জন ‘বি’ এবং একজন ‘সি’ পেয়েছেন। এই বিভাগে ফেল করেছেন ৪ জন এবং একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

মানবিক বিভাগ থেকে মাত্র একজন পরীক্ষার্থী অংশ নেন এবং তিনি জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ হন।

সার্বিকভাবে ৩৬ জন শিক্ষার্থী জিপিএ ৫ অর্জন করেছেন, যা মোট পরীক্ষার্থীর প্রায় ৪৮ শতাংশ। এছাড়া ২২ জন শিক্ষার্থী পেয়েছেন গ্রেড ‘এ’, ৫ জন ‘বি’, ও একজন ‘সি’।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশে যেখানে জাতীয় গড় পাসের হার ৬৮ দশমিক ৪৫ শতাংশ, সেখানে তাদের প্রতিষ্ঠানে ফলাফল তুলনামূলকভাবে উন্নত হয়েছে। তদুপরি, প্রবাসে থেকে এই হার ধরে রাখা বড় সাফল্য বলে মনে করেন সংশ্লিষ্টরা।

বিদ্যালয়ের অধ্যক্ষ মুহাম্মদ জাসীম উদ্দিন বলেন, “শিক্ষার্থীদের ফলাফল আমাদের গর্বিত করেছে। এই অর্জনের পেছনে রয়েছে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের নিবেদন ও অভিভাবকদের নিরবচ্ছিন্ন সহযোগিতা।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ কনস্যুলেট এবং দূতাবাসের পৃষ্ঠপোষকতা ছাড়া এরকম সাফল্য অর্জন করা কঠিন হতো। ভবিষ্যতে আমরা আরও ভালো ফলের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি।”

বিদ্যালয় কর্তৃপক্ষ সব শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছে এবং আগামীতেও এ সাফল্য ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেছে।