২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লং আইল্যান্ডে অ্যাসালের নতুন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় শ্রমজীবী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে সংগঠনটি।

লং আইল্যান্ডে অ্যাসালের নতুন কমিটির অভিষেক
শপথ অনুষ্ঠান পরিচালনা করছেন জাতীয় সভাপতি মাফ মিসবাহ।

বিডিনিউজ২৪

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2025, 11:08 PM

Updated : 26 Aug 2026, 12:31 PM

যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশীয় শ্রমজীবী সম্প্রদায়ের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করা সংগঠন ‘অ্যালায়েন্স অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার’ (অ্যাসাল)-এর লং আইল্যান্ড চ্যাপ্টারের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

রোববার নিউ ইয়র্কের ফার্মিংডেলের একটি হোটেলের বলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে শপথ নেন চ্যাপ্টারের সভাপতি গোলাম ফারুক শাহীনসহ নবগঠিত কমিটির সদস্যরা।

জাতীয় কমিটির সভাপতি মাফ মিসবাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং শপথ পাঠ করান।

তিনি বলেন, “আমরা ইতোমধ্যেই ১০টি অঙ্গরাজ্যে ২১টি চ্যাপ্টার প্রতিষ্ঠা করেছি। অ্যাসালের সদস্যরা মূলধারার রাজনীতিতে অংশগ্রহণের মাধ্যমে দক্ষিণ এশীয়দের ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ ভূমিকা রাখছেন।”

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল তনিকা শিকদারের বক্তব্য। ডিয়ারপার্ক হাই স্কুলের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও ছাত্র সংসদের প্রেসিডেন্ট তনিকা বলেন, “আমরা যারা প্রবাসে জন্মেছি, তারা এই সমাজের অংশ হয়েও বঞ্চনার শিকার। অ্যাসাল আমাদের সেই স্বপ্ন দেখায়— একটি মর্যাদাসম্পন্ন, ন্যায়সঙ্গত জীবনব্যবস্থার।”

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সেলিম আদমজী (সাধারণ সম্পাদক), সৈয়দ জিল্লুর রহমান (করেসপন্ডিং সেক্রেটারি), রফিক খান (এক্সিকিউটিভ ডিরেক্টর), মিয়া আলিম পাখি (পলিটিক্যাল ডিরেক্টর), সিকদার টাভরেজ (ইমিগ্রেশন ডিরেক্টর), মোহাম্মদ শওকত আলী (ট্রেজারার), শাহনাজ আলম (উইমেনস কমিটি চেয়ার), বাবর ভূঁইয়া (ডিরেক্টর অব অর্গানাইজেশন), আবুল মেজবাহ উদ্দিন হেলাল, শাজাহান সিরাজ, কাওছার আহম্মেদ, কাজী ইসলাম জুয়েল, আবু তৈয়ব (সবাই ভাইস প্রেসিডেন্ট পদে) এবং নির্বাহী সদস্য হিসেবে মোহাম্মদ আজম মানিক, সুলতানা খানম ও ওমর ফারুকী।

অনুষ্ঠানে গোলাম ফারুক শাহীনকে কমিউনিটি সার্ভিসে অবদানের জন্য যুক্তরাষ্ট্র কংগ্রেসের ‘প্রক্লেমেশন’ এবং নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির ‘সাইটেশন’ দেওয়া হয়। কংগ্রেসম্যান টম সউজির প্রতিনিধি মেঘান বেল ও অ্যাসেম্বলিম্যান কাওয়ানি বি ও’ফ্যারো পৃথকভাবে এই সম্মাননা তার হাতে তুলে দেন।