২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পেন্সিলের রাজ্য ‘ফাবের কাস্টেল’-এ ঐতিহ্যবাহী কনসার্ট

ছোট্ট একটি মেয়ে তার টেডি বিয়ার নিয়ে মঞ্চের খুব কাছাকাছি মাদুর পেতে কনসার্ট উপভোগ করছিল।

পেন্সিলের রাজ্য ‘ফাবের কাস্টেল’-এ ঐতিহ্যবাহী কনসার্ট
মঞ্চের সামনে মাদুর পেতে কনসার্ট উপভোগ করছে ছোট্ট একটি মেয়ে।

মমতাজুল ফেরদৌস জোয়ার্দার মমতাজুল ফেরদৌস জোয়ার্দার

জার্মানি থেকে

Published : 14 Jul 2024, 09:56 PM

Updated : 26 Aug 2026, 10:00 AM

বিশ্বখ্যাত পেন্সিল উৎপাদক ‘ফাবের কাস্টেল’ (Faber Castel) চেনে না এমন মানুষ বিশ্বে কম আছেন, অন্তত যারা পেন্সিল ব্যবহার করেন। জার্মানির বেভারিয়া প্রদেশের ঐতিহাসিক শহর নুর্নবের্গের ঠিক পাশে ছোট্ট একটি শহর স্টাইন। ‘স্টাইন’ শব্দের অর্থ পাথর। পাথর সেখানে আমার চোখে তেমন পড়েনি। তবে প্রতিদিন সকালে প্রাতঃভ্রমণের সময় হরেক রকমের পেন্সিল উৎপাদক ফাবের কাস্টেলের প্রাসাদ, কারখানা ও জাদুঘর চোখে পড়ে।

এই প্রাসাদে জার্মানির অনেক চলচ্চিত্রের চিত্র ধারণ করা হয়েছে, যেসব চলচ্চিত্র রাজা-রানি বা রাজকুমার-রাজকুমারীর কাহিনি নির্ভর। বিভিন্ন দেশের পর্যটকরা আসেন এলাকাটি পরিদর্শনে। স্টাইন ছোট্ট শহর হলেও এখানে একটি ভাল গিমনেজিয়াম আছে, যেখানে ছাত্র-ছাত্রীরা পঞ্চম শ্রেণি থেকে ত্রয়োদশ শ্রেণি পর্যন্ত পড়ালেখা করতে পারে। নুর্নবের্গ শহরের অনেক ছাত্র-ছাত্রী সেখানে পড়ালেখা করেন।

স্টাইন সঙ্গীত বিদ্যালয়ের জন্যও বিখ্যাত। এছাড়া সেখানকার বিশালাকৃতির ইনডোর সুইমিং পুলটি শহরটির অন্যতম এক আকর্ষণ। আশপাশের শহরগুলোতে এত বড় ও বহুমুখী সুবিধাযুক্ত সুইমিং পুল চোখে পড়ে না।

প্রতি বছর ফাবের কাস্টেল তাদের প্রাসাদের বিশাল উদ্যানে ওপেন এয়ার কনসার্টের আয়োজন করে। সেখানে স্টাইন সঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। শনিবার নুর্নবের্গ ও স্টাইনের আবহাওয়া ছিল চমৎকার। সপ্তাহান্তের মনোরম সন্ধ্যায় স্টাইনের প্রধান মেয়র কুর্ট ক্রেমা (Kurt Krömer), ফাবের কাস্টেলকে প্রতি বছরের মতো এবারও কনসার্টের আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

তিনি জানান, এ বছর অনুষ্ঠানের পর আতশবাজির ব্যবস্থা আছে, দর্শকরা যেন তা উপভোগ করতে না ভোলেন! গত বছর কনসার্টের আগে দশ-পনের মিনিটের বৃষ্টি দর্শককে শঙ্কিত করেছিল। সেবার আতশবাজির পরিবর্তে ছিল লেজার শো, যা এক নতুন আকর্ষণ হিসেবে উপস্থিত হয়েছিল।

সঙ্গীত পরিচালক নরবের্ট হেনেবের্গেরের (Norbert Henneberger) পরিচালনায় সঙ্গীত শিল্পীরা ইউরোপের বিভিন্ন দেশের বিখ্যাত শিল্পীদের শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন। সঙ্গীত পরিবেশকদের মধ্যে একমাত্র বাংলাদেশি বংশোদ্ভুত ছিলেন তরী জোয়ার্দার।

এ আয়োজন ছিল প্রতিবারের মতো বিনামূল্যে স্থানীয় বাসিন্দাদের মনোরঞ্জনে। অনুষ্ঠান স্থলে প্রচুর নিরাপত্তাকর্মী ছিলেন সাধারণের নিরাপত্তা বিধানে এবং সাহায্যার্থে। এছাড়া অগ্নিনির্বাপক ও জরুরি সেবাদানের জন্য চারটি অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়ি সার্বক্ষণিক অপেক্ষায় ছিল। ফায়ার ব্রিগেডের গাড়ির চালকসহ সব কর্মী ছিলেন স্বেচ্ছাসেবী।

কনসার্ট শুরুর প্রায় দুই ঘণ্টা আগেই সব আসন কানায় কানায় পূর্ণ হয়ে গিয়েছিল। অনেকেই মাটিতে মাদুর বিছিয়ে বসে গিয়েছিলেন। কেউ কেউ ভাঁজ করা চেয়ার নিয়ে এসেছিলেন। একটি ছোট্ট মেয়ে তার টেডি বিয়ারটি নিয়ে মঞ্চের খুব কাছাকাছি মাদুর পেতে অনুষ্ঠানটি উপভোগ করছিল। দৃশ্যটি দারুণভাবে আমার মন কাড়ে। কোন নিরাপত্তা কর্মী বা বড় কর্তা এসে তাকে উঠিয়ে দেয়নি বা কিছু বলেনি। আপনা মনে সে খেলছিল আর দেখছিল। সঙ্গীতে তার আদৌ কোন মনোযোগ ছিল কিনা জানি না।

মাঠের একদিকে বসেছিল খাবার আর পানীয়ের অস্থায়ী দোকানগুলো। হরেক রকমের খাবার আর পানীয় বিক্রি হচ্ছিল সেখানে। অনেকেই বিয়ার পান করতেও দেখা গেলো। ওপেন এয়ার কনসার্ট বিয়ার ছাড়া হতেই পারে না। তবে তা শুধু প্রাপ্তবয়স্কদের জন্য উন্মুক্ত। 

ফাবের কাস্টেল বিভিন্ন বিনোদন ও সমাজসেবামূলক কাজে অংশ নেয়। তারা পেন্সিল উৎপাদনে পরিবেশের কোনো ক্ষতি করে না। এ কাজে তারা যে পরিমাণ গাছ কাটে প্রতিবছর তার চেয়ে বেশি গাছ রোপণ ও বড় করে তোলে। শহরের মাঝে প্রাসাদের কাছে তাদের নিজস্ব অনেক গাছ আছে। সে গাছগুলো অবশ্য তারা পেন্সিল উৎপাদনে ব্যবহার করে না। এসব গাছের অধিকাংশই একশ বছরের কাছাকাছি। কোন কোনটি আবার একশ বছরের উপরে।

চারদিকে এত পরিমাণ গাছ যে আতশবাজির ছবি তোলা ছিল কষ্টকর। কনসার্টের পর এলাকায় সাময়িক যানজটের সৃষ্টি হয়েছিল। অনেক আলোকচিত্রী ও সাংবাদিককে অনুষ্ঠানটি কাভার করতে দেখা গেলো। আমি স্টাইনের মেয়রকে আমার পরিচয় দিয়ে তার ভিজিটিং কার্ড চাইলাম। তার কাছে কার্ড না থাকায় গাড়ি থেকে এনে দিলেন।

বেভারিয়া প্রদেশের সাংস্কৃতিক অঙ্গনে এ অনুষ্ঠানটি এতটাই গুরুত্ব রাখে যে সরকারি টিভি চ্যানেল বি.আর অর্থাৎ ‘বায়েরিশে রুন্ডফুঙ্ক’ সেটা ধারণ করে এবং প্রচার করে।