কুয়ালা লামপুরে সড়ক দুর্ঘটনায় ১ বাংলাদেশিসহ নিহত ২
ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
মালয়েশিয়ার কুয়ালা লামপুরে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি প্রবাসীসহ দুইজনের মৃত্যু হয়েছে।
শনিবার বিকেলে ডুটা-উলু কেলাং এক্সপ্রেসওয়েতে (ডিউক) তিনটি যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
সিটি ট্রাফিক এনফোর্সমেন্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসার বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম 'নিউ স্ট্রেইটস টাইমস' এই খবর নিশ্চিত করেছে।
পুলিশ জানায়, ওইদিন কুয়ালা লামপুরের আম্পাং অভিমুখী আয়ার পানাস টোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে একটি লরি মহাসড়কের মাঝপথে বিকল হয়ে পড়ে। সেটিকে সাহায্য করার জন্য পেছন থেকে আসা আরেকটি লরি ও একটি পিকআপ ভ্যান দাঁড়ালে পেছন দিক থেকে দ্রুতগামী আরেকটি লরি এসে সেগুলোকে সজোরে ধাক্কা দেয়।
এতে দাঁড়িয়ে থাকা বাহনগুলোর মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করলেও তাদের নাম-পরিচয় জানা যায়নি।
অন্য নিহত ব্যক্তিটি স্থানীয় মালয়েশীয় নাগরিক বলে জানা গেছে। দুর্ঘটনার সময় তারা যানবাহনের বাইরে অবস্থান করছিলেন।
এই দুর্ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকরা তাদের পর্যবেক্ষণে রেখেছেন।
সহকারী কমিশনার মোহাম্মদ জামজুরি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লরিটির চালক নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে।
তবে প্রকৃত কারণ উদঘাটন এবং এর পেছনে কোনো অবহেলা ছিল কি না, তা জানতে বিস্তারিত তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
