কিশোরীকে ছিনতাই, ইতালিতে বাংলাদেশিদের অনুষ্ঠানে সংঘর্ষ
ঘটনা তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।
ইতালির বোলোনিয়া শহরে প্রবাসী কমিউনিটির অনুষ্ঠানে এক বাংলাদেশি কিশোরীর স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে পরে সংঘর্ষের সৃষ্টি হয়।
স্থানীয় দৈনিক ইল রেস্তো দেল কার্লিনো-এর প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে শহরের পিয়াজ্জা লুসিও দাল্লা এলাকায় ঘটনাটি ঘটে।
ভুক্তভোগীর অভিযোগ, হামলাকারীরা প্রথমে পেপার স্প্রে ব্যবহার করে, তারপর তার সোনার দুল ও গলার চেইন ছিনিয়ে নেয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দিতে ওই কিশোরী জানায়, হামলায় এক পুরুষ ও দুই নারী জড়িত ছিলেন, যারা তাদের পূর্বপরিচিত এবং একই কমিউনিটির সদস্য। ঘটনার পরপরই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
প্রতিবেদনে বলা হয়, ছিনতাইয়ের ঘটনার পর কিশোরীর পরিবারের সদস্যরা তাকে রক্ষায় এগিয়ে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে উপস্থিত বেশ কয়েকজনের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় পুলিশ ও ইতালির বিশেষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ‘ক্যারাবিনিয়ারি’।
আক্রান্ত কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, তার চোট গুরুতর নয় এবং তিনি আশঙ্কামুক্ত রয়েছেন।
বোলোনিয়া পুলিশ ইতোমধ্যে পলাতক হামলাকারীদের ধরতে তদন্ত শুরু করেছে। অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অনুষ্ঠানে উপস্থিতদের মোবাইল ফোনে ধারণ করা ভিডিও ফুটেজগুলো সংগ্রহ করে পর্যালোচনা করা হচ্ছে।
ঘটনাটি নিয়ে বাংলাদেশি কমিউনিটির মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। তবে তদন্তাধীন হওয়ায় এ বিষয়ে কেউ কথা বলতে রাজি হয়নি।
