Published : 10 Dec 2025, 11:08 PM
‘অক্সফোর্ড লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তা ও লিডারশিপ স্ট্র্যাটেজিস্ট হেমি হোসেন।
মঙ্গলবার যুক্তরাজ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা তুলে দেওয়া হয়।
নেতৃত্ব, মানবসম্পদ উন্নয়ন এবং সংগঠন পরিচালনা-সংক্রান্ত আন্তর্জাতিক কার্যক্রমের জন্য এ পুরস্কার দেওয়া হয় বলে আয়োজকরা জানিয়েছেন।
বাংলাদেশে জন্ম নেওয়া হেমি হোসেন প্রায় পঁচিশ বছর আগে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান। অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয় থেকে বিজনেস ইনফরমেশন সিস্টেমে ডিগ্রি অর্জনের পর টেলস্ট্রা, এমওয়াইওবি এবং এএনজেড-এর মতো প্রতিষ্ঠানে কাজ করেন। পরবর্তীতে তিনি নিজস্ব উদ্যোগে ব্যবসা শুরু করেন।
অক্সফোর্ড লিডারশিপ অ্যাওয়ার্ড প্রাপ্তির বিষয়ে হেমি হোসেন জানান, এটি তার দীর্ঘদিনের কাজের একটি স্বীকৃতি এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি বংশোদ্ভূত পেশাজীবীদের অংশগ্রহণ বাড়ানোর ক্ষেত্রে উৎসাহ হিসেবে কাজ করবে।
বর্তমানে তিনি নেক্সজেন গ্লোবাল গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। প্রতিষ্ঠানটি শিক্ষা, রিক্রুটমেন্ট, ফাইন্যান্স, প্রযুক্তি, এডটেক ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে অস্ট্রেলিয়া ও এশিয়ায় কার্যক্রম চালায়।
হেমি হোসেন ‘গ্রো উইথ হেমি’ নামে একটি কোচিং প্ল্যাটফর্ম পরিচালনা করেন। তার লেখা ‘ফায়ার ইউর বস’ ব্যক্তি ও পেশাগত উন্নয়নবিষয়ক বই হিসেবে পরিচিত।
সামাজিক কার্যক্রমের অংশ হিসেবে তিনি ‘গ্লোবাল ইয়ুথ মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস’-এর বোর্ড সদস্য হিসেবে কাজ করছেন। সংস্থাটি তরুণদের মানসিক স্বাস্থ্যসচেতনতা ও সক্ষমতা বৃদ্ধির কর্মকাণ্ড পরিচালনা করে।