২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিলানে বাংলাদেশসহ ৫ দেশের সাংস্কৃতিক উৎসব

উৎসবে বাংলাদেশের পাহাড়, তাঁত ও তৈরি পোশাক শিল্পসহ নানা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 12:43 PM

আন্তর্জাতিক মা দিবস উপলক্ষ্যে ইতালির মিলানে সাংস্কৃতিক উৎসব করেছে বাংলাদেশসহ ৫ দেশ। অন্য দেশগুলো হলো- ইতালি, ভারত, মরিশাস ও শ্রীলঙ্কা৷

রোববার মিলানের একটি হলরুমে 'দ্য এশিয়ান গ্রেট শো' শিরোনামে এ উৎসবের আয়োজন করে 'বাংলাদেশ মিলান ইয়াং ফাউন্ডেশন'।

উৎসবে বাংলাদেশের পাহাড়, তাঁত ও তৈরি পোশাক শিল্পসহ নানা বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরিবেশন করা হয় গান ও নাচ।

মিলান সিটি করপোরেশন অঞ্চল ৫-এর প্রথম বাংলাদেশি কাউন্সিলর বেবাশ চন্দ্র করের সভাপতিত্বে উৎসব সঞ্চালনা করেন ভারতের ঈস্মিতা।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন মিলান সিটি করপোরেশনের মেয়রসহ অন্যান্য কাউন্সিলররা।

লম্বার্দিয়া বিভাগের কাউন্সিলর ফ্রাঞ্চেসো বলেন, "এখানে আমরা বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানতে এসেছি।ইতালিতে বিভিন্ন দেশের মানুষ বাস করে। কে কালো বা কে সাদা সেটি মূল বিষয় নয়। মূল বিষয়, আমরা সবাই এই পৃথিবীর নাগরিক।"

বিবাস চন্দ্র কর জানান, মূলত এশিয়ান দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ইতালীয় নাগরিকদের সামনে বাংলাদেশের সংস্কৃতি ও সৌন্দর্য তুলে ধরতেই এই আয়োজন।

আয়োজক সংগঠনের সভাপতি সোহেল ফরাজি বলেন, "বাংলাদেশের নতুন প্রজন্ম ও বিদেশিদের সামনে আমাদের সংস্কৃতি তুলে ধরতে ভবিষ্যতে আরও বড় পরিসরে এমন উৎসব আয়োজন করা হবে।"