২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপদ হজ পালনের প্রস্তুতি, তৎপর বাংলাদেশ মিশন

গতকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী।

নিরাপদ হজ পালনের প্রস্তুতি, তৎপর বাংলাদেশ মিশন
সভায় বক্তব্য দিচ্ছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।

বিডিনিউজ২৪

রফিক চৌধুরী, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 12:48 PM

Updated : 26 Aug 2026, 12:50 PM

চলতি বছরের হজে অংশ নেওয়া হাজীদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে প্রস্তুতি সম্পন্ন করেছে মক্কায় বাংলাদেশ হজ মিশন। 

হজের আনুষ্ঠানিকতা শুরুর প্রাক্কালে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের এক যৌথ সভা শেষে এ তথ্য জানান ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন।

তিনি বলেন, “প্রতিটি ধাপে হাজীদের পাশে থাকছে বাংলাদেশ মিশন। নিরাপত্তা, চিকিৎসা সহায়তা, তথ্যসেবা—সবদিকেই রয়েছে আমাদের প্রস্তুতি।”

সভায় হজ কনসাল জহিরুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বছর ৮ জিলহজ থেকে শুরু হচ্ছে হজের মূল আনুষ্ঠানিকতা। এর আগের দিন ৭ জিলহজ রাতে মিনায় যাওয়ার মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন হাজীরা। সেখান থেকে ৯ জিলহজ আরাফাত, এরপর মুজদালিফায় রাত যাপন, ১০ জিলহজ শয়তানকে পাথর নিক্ষেপ, কোরবানি ও তাওয়াফ—ধাপে ধাপে পালন করবেন হজের মূল কার্যক্রম।

আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন খোমাইদ। একই আজানে তিনি জোহর ও আসরের নামাজে ইমামতি করবেন।

সৌদি সরকার এবারের হজকে ঘিরে পাঁচ স্তরের নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলেছে মক্কা নগরী ও আশপাশের এলাকাগুলো। মোতায়েন করা হয়েছে দুই লাখের বেশি স্বেচ্ছাসেবক, যারা হাজীদের যাতায়াত, স্বাস্থ্যসেবা, খাদ্য ও তথ্য সহায়তায় নিয়োজিত থাকবেন।

বাংলাদেশি হাজীদের জন্য মিনায়, মুজদালিফায় ও আরাফাতে নির্ধারিত তাঁবু, খাদ্য সরবরাহ, চিকিৎসা সহায়তা এবং তথ্য ডেস্কসহ প্রস্তুতি সম্পন্ন করেছেন বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট মোয়াল্লেমরা। 

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)–এর সভাপতি হাফেজ নু মোহাম্মদ জানান, হজ ব্যবস্থাপনায় সমন্বয়ের মাধ্যমে হাজীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করা হচ্ছে।

এদিকে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, চলতি বছর হজের অনুমতিপত্র (পারমিট) ছাড়া কেউ হজে অংশ নিলে তাকে ২০ হাজার রিয়াল জরিমানা গুনতে হবে। হজ ভিসাধারীরা কেবল মক্কা, মদিনা ও জেদ্দা শহরে অবস্থান করতে পারবেন।

বাংলাদেশ হজ অফিস সূত্রে জানা গেছে, গতকাল পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন মোট ৮০ হাজার ৭২৩ জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বার্ধক্যজনিত কারণে ১৫ জন মারা গেছেন—তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও একজন নারী।

এবারের হজ অনুষ্ঠিত হবে ৫ জুন, বৃহস্পতিবার। ঈদুল আজহা পালিত হবে ৬ জুন, শুক্রবার।

হজের খুতবা সরাসরি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। কাবা প্রাঙ্গণ ইতোমধ্যেই মুখর 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে; যেখানে সমবেত হচ্ছে লাখো মুসলমান।