প্যারিসে কবিতা, সুর ও চিত্রে ‘বাংলার মাটির উৎসব’
বাঙালির ইতিহাস, ভাবনা, গান ও কবিতার সৌরভ যেন ছড়িয়ে পড়ে ফ্রান্সের রাজধানীতে।
বাঙালির হাজার বছরের ইতিহাস, ভাবনা, গান ও কবিতার সৌরভ ছড়িয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বাংলার মাটির উৎসব’ (ফেস্টিভাল তের দু বেঙ্গাল)’।
শনি ও রোববার প্যারিসের লা কামিলিয়েন হলে আয়োজিত এই উৎসবের আয়োজন করে তের দু বেঙ্গাল, অ্যাসোসিয়াসিওঁ ফ্রান্সকৃতি, মাল্টিডাইমেনশন ও তেরা অঙ্কগ্নিতা।
চলচ্চিত্র, সঙ্গীত, আবৃত্তি ও আলোচনা মিলিয়ে আয়োজকরা চেষ্টা করেছেন বাংলার ঐতিহ্যকে আন্তর্জাতিক দর্শকদের সামনে জীবন্ত করে তুলতে, পাশাপাশি ফরাসি সংস্কৃতির সঙ্গে একটি মানবিক সেতুবন্ধ তৈরি করতে।
উৎসবের প্রথম দিন প্রদর্শিত হয় তিনটি উল্লেখযোগ্য প্রামাণ্যচিত্র- ‘কালার অব ফ্রিডম’ (পরিচালনা: অজয় রায়), ‘বাংলাদেশ নেসাঁস দ্যঁ দ্রাপো’ (পরিচালনা: প্রকাশ রায়) এবং ‘বোনোবিব্বি লা ফাম দ্য লা ফোরে’ (পরিচালনা: সৌরভ ব্যানার্জি ও অন্নু জলাল)।
চলচ্চিত্র প্রদর্শনের পর নির্মাতাদের উপস্থিতিতে আলোচনা পর্বে দর্শকরা শোনেন প্রত্যেক ছবির সৃষ্টিপ্রক্রিয়া, ইতিহাস ও নির্মাতাদের অভিজ্ঞতার কথা।
দ্বিতীয় দিনে পর্দায় আসে ‘ল্য শাঁও দে ফু’ (পরিচালনা: জর্জ লুমো), ‘মন পবনের নাও’ (পরিচালনা: লাডলি মুখোপাধ্যায়), ‘দ্য সেভেনটি ওয়ান ওয়ার ইন দ্য আইজ অব পাকিস্তানিজ’ (পরিচালনা: আমিরুল আরহাম) এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘রেভ দ্যাঁ আনস্তাঁ’ (পরিচালনা: অরুণ হালদার)। আলোচনা পর্বের মধ্য দিয়ে দুটি দিনই পরিণত হয় মতবিনিময় ও সাংস্কৃতিক ভাবনার মিলনমেলায়।
শনিবার রাতের সাংস্কৃতিক সন্ধ্যা ছিল উৎসবের প্রাণমুহূর্ত। বাংলা গানের সুর, বাউল ভাব, কীর্তনের আবহ আর আবৃত্তির কণ্ঠে ‘লা কামিলিয়েন’-এর পরিবেশ হয়ে ওঠে বাঙালিয়ানা আঙিনা। সংগীত পরিবেশন করেন শর্মিলা রায়, পবন দাস বাউল, মৌসুমী চক্রবর্তী ও আরিফ রানা। কীর্তন করেন দেবোনীলা ঘোষ, তবলায় ছিলেন অনুভব চ্যাটার্জি।
আবৃত্তি পরিবেশন করেন অর্পিতা রায় এবং ফ্রান্সকৃতির পক্ষ থেকে জেরেমি কদ্রঁ, আবু বকর আল আমিন, নিনা কাবানো ও জান্নাতুল নাঈম প্রীতি। দর্শকদের প্রশংসা কুড়ান প্যারিসপ্রবাসী সংগীতশিল্পী শর্মিলা রায়ের পরিবেশনা।
ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি মঞ্চাভিনেতা সোয়েব মোজাম্মেল উৎসব সম্পর্কে বলেন, “ভাষা, দেশ বা সীমান্ত নয়, সংস্কৃতিই পারে মানুষকে একসূত্রে বেঁধে রাখতে। ফরাসিদের পাশাপাশি ফ্রান্সে জন্ম ও বেড়ে ওঠা আমাদের নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি পৌঁছানোর জন্য এমন আয়োজন অত্যন্ত জরুরি।”
সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, বাংলা ভাষা, সাহিত্য, সংগীত ও চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা এবং ফরাসি সংস্কৃতির সঙ্গে পারস্পরিক সম্প্রীতির নতুন পথ তৈরির প্রত্যাশাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।
