২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লস এঞ্জেলেসে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

গত কোরবানির ঈদের সময় তিনি দেশে ফিরে বিয়ে করেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2026, 09:32 AM

Updated : 11 Sep 2026, 03:37 PM

যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে কর্মস্থলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মির্জা ফাহিম আহমেদ নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বুধবার সকাল ৭টা ৫৩ মিনিটে ভ্যালি এলাকার ল্যাসেন স্ট্রিট ও রেসিডা বুলেভার্ড ইন্টারসেকশনে এ দুর্ঘটনা ঘটে। 

২৭ বছর বয়সি ফাহিম বছর দেড়েক আগে মা, বাবা ও ভাইয়ের সাথে যুক্তরাষ্ট্রে আসেন। তাদের বাড়ি ঢাকার জিগাতলা এলাকায়।

ফাহিম গত কোরবানির ঈদের সময় দেশে গিয়ে বিয়ে করেন। লস এঞ্জেলেসে ফিরেই স্ত্রীকে যুক্তরাষ্ট্রে আনার জন্য তিনি অভিবাসন দপ্তরে আবেদন করেছেন। এর মধ্যেই দুর্ঘটনায় প্রাণই হারালেন এ তরুণ।

সিসিটিভির ভিডিও দেখে লস এঞ্জেলেস পুলিশ বলেছে, দুটি গাড়ির ধাক্কায় ফাহিমের গাড়ি সড়ক থেকে ছিটকে লাইট পোলে আঘাত করে, এতে গাড়ির সামনের অংশ ভেঙে চুরমার হয়। ভেতরে আটকে থাকা ফাহিমকে উদ্ধারে পুলিশ ও দমকল বাহিনীকে বেশ বেগ পেতে হয়। দুর্ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

অপর দুই গাড়ির চালকও আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ফাহিমের ছোটভাই মির্জা তামিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফাহিমের লাশ শনিবার পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এর পরই জানাজা ও দাফনের কর্মসূচি জানানো হবে। 

মির্জা তামিম বলেন, দুর্ঘটনার জন্য দায়ীদের বিচারে তারা আইনজীবী নিয়োগ করেছেন। পাশাপাশি পুলিশও তদন্ত শুরু করেছে।