যুক্তরাষ্ট্রে আশরাফ আহমেদের দুটি বইয়ের পাঠ-উন্মোচন
বই দুটি এবছর প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সিতে লেখক আশরাফ আহমেদের দুটি বইয়ের পাঠ-উন্মোচন হয়েছে।
‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ ও ‘রোমান সাম্রাজ্যের বর্তমান ও অতীত’ শিরোনামে বই দুটি এবছর প্রকাশ করেছে আগামী প্রকাশনী।
রোববার ওয়াশিংটন ডি.সির উপকণ্ঠে মেরিল্যান্ড রাজ্যের নর্থ পটোম্যাক শহরের স্টোনমিল এলিমেন্টারি স্কুলে বই দুটির পাঠ-উন্মোচনের আয়োজন করে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ফোরাম ইনকর্পোরেটেড’ (ডুয়াফি)।
আয়োজক সংগঠনের সহ সভাপতি ইশরাত সুলতানা মিতার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি কাইউম খান।
বই দুটোর মোড়ক উন্মোচন করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমেদ এবং ভয়েস অব আমেরিকার বাংলা বিভাগের অবসরপ্রাপ্ত প্রধান রোকেয়া হায়দার।
আলোচনায় আরও অংশ নেন ইতিহাসবিদ ও অধ্যাপক আদনান মোর্শেদ, প্রাবন্ধিক আহমাদ মাযহার, কল্পবিজ্ঞান লেখক মোস্তাফা তানিম, স্থপতি আনোয়ার ইকবাল এবং অধ্যাপক আমিনুর রহমান।
‘রোমান সাম্রাজ্যের বর্তমান ও অতীত’ বইয়ের আলোচনায় ফখরুদ্দীন আহমেদ বলেন, “দুই সহস্রাধিক বছর আগে জুলিয়াস সিজারের হত্যাকাণ্ডের সঙ্গে সাম্প্রতিক বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ডের তুলনা করেছেন লেখক। ঐতিহাসিক সময়ে লেখক নিজেকে উপস্থিত করে ইতিহাস বর্ণনা করার কৌশলটি ভালো লেগেছে।”
ইতিহাসবিদ ও অধ্যাপক আদনান মোর্শেদ বলেন, “আমরা সচরাচর ভ্রমণকে বিনোদন হিসেবে দেখে থাকলেও লেখক আশরাফ আহমেদ ভ্রমণকে একান্ত নিজস্ব অবলোকনের সঙ্গে জ্ঞানচর্চা ও ইতিহাস সচেতনতার একটি সার্বিক সম্মিলন ঘটিয়েছেন।”
অধ্যাপক আমিনুর রহমান বলেন, “পরিপ্রেক্ষিত জানা না থাকলে সাহিত্য ও রূপকথার পার্থক্য বোঝা যায় না। ভ্রমণকারী যেখানে যান বা দেখেন, সেখানকার ইতিহাসের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন, যেন তিনিও সেই ইতিহাসের একটি অংশ। ভ্রমণে গিয়ে আশরাফ আহমেদ রোমান সাম্রাজ্যের যে যে নিদর্শন, শহর, মন্দির এবং সেখানকার বাঙালিদের যা যা দেখেছেন তা অকপটভাবে আমাদের সামনে তুলে ধরেছেন, মনে হয় যেন আমিও তার সঙ্গে ভ্রমণ করছি।”
‘বাংলা সাহিত্যের প্রথম কল্পবিজ্ঞান লেখক বেগম রোকেয়া’ বইয়ের আলোচনায় রোকেয়া হায়দার বলেন, “সুলতানার স্বপ্ন গল্পের মাধ্যমে বেগম রোকেয়াকে আমরা একজন নারীবাদী লেখক হিসেবেই জানতাম। কিন্তু বিজ্ঞানী আশরাফ আহমেদ শতবর্ষ পরে তার নিবিড় গবেষণা থেকে রোকেয়ার বিজ্ঞানচেতনাকে উন্মোচন করেছেন।”
মোস্তাফা তানিম বলেন, “লেখক সফলভাবে প্রমাণ করেছেন যে বেগম রোকেয়ার ‘সুলতানার স্বপ্ন’ একটি বিজ্ঞান কল্পকাহিনি। ১৯৪৬ সালে সর্বপ্রথম কৃত্রিম উপায়ে বৃষ্টিপাত ঘটানোর তথ্য উল্লেখ করে আশরাফ আহমেদ বলছেন, এর চেয়ে চল্লিশ বছর আগে ‘সুলতানার স্বপ্নে’ বেগম রোকেয়ার কৃত্রিম উপায়ে আকাশের মেঘ থেকে বৃষ্টির পানি নামানোর কল্পনাটি ছিল তখনকার বৈজ্ঞানিক জ্ঞান থেকে অনেক প্রাগ্রসর।”
আনোয়ার ইকবাল বলেন, “প্রায় সোয়াশ বছর আগে ‘সুলতানার স্বপ্ন’ বইয়ে নারী বিজ্ঞানীরা উড়োজাহাজ নির্মাণ এবং গৃহস্থালি কাজে বিদ্যুৎ ও সূর্যালোকের ব্যবহার করেছিলেন। আশরাফ আহমেদ সেসবের বৈজ্ঞানিক বিশ্লেষণ করেছেন। সূর্যের আলোকে নল দিয়ে ঘরের ভেতরে নিয়ে আসার যে কল্পনা রোকেয়া করেছিলেন, তা মাত্র দশ বছর আগে ‘সোলার টিউব’-এর বাস্তব ব্যবহারের মাধ্যমে আমেরিকার স্থপতিদের মাঝে খুব জনপ্রিয় হয়ে উঠেছে।”
প্রাবন্ধিক আহমাদ মাযহার বলেন, “একই ব্যক্তির মধ্যে বিজ্ঞান ও সাহিত্যে একই পরিমাণে উৎসাহ সচরাচর পাওয়া যায় না, যা আশরাফ আহমেদের মাঝে আছে। বিজ্ঞানচর্চার মাধ্যমে তিনি যে অনুসন্ধিৎসু মনের অধিকারী হয়েছেন এর সঙ্গে তার সাহিত্যিক রসবোধ যুক্ত করে তিনি যা বলতে পারবেন, তা একজন বিজ্ঞানী বা একজন সাহিত্যিক বলতে পারবেন না। তাই এই ধরনের বই লেখা তার কাছে সময়ের একটি দাবি ছিল, যা তিনি তা পূরণ করেছেন।”
স্বাগত বক্তব্যে কাইউম খান উল্লেখ করেন, লেখক আশরাফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের শিক্ষক হলেও একই বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। লেখক এ পর্যন্ত ১৫টি বাংলা বই প্রকাশ করেছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক ইরাজ তালুকদার, লেখক আশরাফ আহমেদ ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস। কবিতা আবৃত্তি ও গান শোনান অদিতি সাদিয়া রহমান ও ডরোথি বোস।
