২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু

দেশের ৪৮তম মিশন হিসেবে এ সেবা চালু করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

ভিয়েতনামে বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু
ছবি: বাংলাদেশ দূতাবাস, হ্যানয়

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2024, 10:47 AM

Updated : 26 Aug 2026, 10:58 AM

দেশের ৪৮তম মিশন হিসেবে ভিয়েতনামে ই-পাসপোর্ট সেবা চালু করেছে সেখানকার বাংলাদেশ দূতাবাস।

শুক্রবার রাজধানী হ্যানয়ে দূতাবাস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলা হয়, এ কর্মসূচির আওতায় আবেদনকারীরা ৫ বছর বা ১০ বছর মেয়াদি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার এক মাসের মধ্যে ই-পাসপোর্ট সরবরাহ করা সম্ভব হবে। 

অনুষ্ঠানে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের দল দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীদের প্রশিক্ষণ দেন।

ই-পাসপোর্ট আবেদনের প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত বাংলাদেশিদের ধারণা দেন ঢাকা থেকে আসা অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ-পরিচালক আল-আমিন মৃধা। তিনি সরকারের ই-পাসপোর্ট প্রকল্পের ওপর নির্মিত একটি তথ্যচিত্র দেখান।

রাষ্ট্রদূত মোহাম্মদ লুৎফর রহমান বলেন, “এ কার্যক্রম চালু করার ফলে এখন থেকে ভিয়েতনাম ও লাওসে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দূতাবাসে এসে ই-পাসপোর্ট সেবা নিতে পারবেন। এছাড়া দূতাবাস ভিয়েতনাম ও লাওসের বিভিন্ন শহরে কনস্যুলার পরিষেবা দেওয়ার সময় ই-পাসপোর্টের আবেদন গ্রহণ করবে।”

উদ্বোধন শেষে রাষ্ট্রদূত কয়েকজন আবেদনকারীকে ই-পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতালয় প্রধান নাসির উদদীন।