Published : 02 Oct 2025, 10:36 PM
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই বাংলাদেশি।
নিহত বেলাল উদ্দিন (৩৪) কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের পূর্ব গোয়ালিয়া গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মকবুল আহমেদ। আহতরা হলেন মোবারক হোসেন (৪০) ও মোহাম্মদ রিদওয়ান (২৫)।
স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে আবুধাবির সীমান্তবর্তী আলআইন–দুবাই সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে আল আইনের একটি কৃষি খামার থেকে নিজেদের পোলট্রি দোকানের জন্য মুরগি সংগ্রহ শেষে আজমান ফিরছিলেন তারা।
এসময় একটি কন্টেইনারবাহী লরিকে ওভারটেক করতে গিয়ে অন্য একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বেলালের চালানো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটায়।
কুয়াশার কারণে সড়কে একাধিক গাড়ি দুর্ঘটনায় পড়লেও সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বেলালের ট্রাকটি। ঘটনাস্থলেই তিনি নিহত হন। আহত দুই বাংলাদেশিকে উদ্ধার করে আবুধাবির বুরজিল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেলালের বন্ধু ও আজমানের প্রতিবেশী মোক্তার আহমেদ জানান, বেলাল প্রায় ১৫ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন। দেশে তার স্ত্রী ও দুই শিশু সন্তান রয়েছে।
বর্তমানে নিহতের লাশ আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় পুলিশি প্রক্রিয়া সম্পন্নের পর লাশ বাংলাদেশে পাঠানো হবে বলে জানা গেছে।