২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় জুম্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি স্বতন্ত্র নৃগোষ্ঠীকে সম্মিলিতভাবে ‘জুম্মা’ বলা হয়।

কোরিয়ায় জুম্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বৈসাবি উৎসব
ছবি: দ্য কোরিয়ান টাইমস

বিডিনিউজ২৪

রিমন আল মাহদী, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 05:42 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

দক্ষিণ কোরিয়ার গেওংগি প্রদেশের গিম্পো শহরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্মা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবরণ উৎসব ‘বৈসাবি’ উদযাপিত হয়েছে। 

রোববার গিম্পোর হানগাং নিউ টাউন লেক পার্কে ২১তম বর্ষশেষ ও নববর্ষ উদযাপনের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

২০০২ সালে প্রতিষ্ঠিত ‘জুম্মা পিপলস নেটওয়ার্ক কোরিয়া’ (জেপিএনকে) এবং গিম্পো সিটি ফরেন রেসিডেন্টস সাপোর্ট সেন্টারের যৌথ উদ্যোগে এই উৎসবের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানের শুরুতে প্রথাগত পুষ্পস্তবক অর্পণ এবং ১১টি জুম্মা নৃগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ‘শান্তি মিছিল’ বের করা হয়। এছাড়া কোরীয় ঐতিহ্যবাহী তালবাদ্য দল ‘ক্কোগুমে পুংমুলদান’-এর ‘সামুল নোরি’ পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।

জুম্মা সম্প্রদায়ের প্রধান তিন উৎসবের আদ্যক্ষর নিয়ে ‘বৈসাবি’ নামকরণ করা হয়েছে। ত্রিপুরাদের ‘বৈশুক’, মারমাদের ‘সাংরাই’ এবং চাকমাদের ‘বিজু’ উৎসবের সমন্বিত রূপই হলো এই বৈসাবি। 

মূলত পুরনো বছরের গ্লানি মুছে নতুন বছরকে বরণ করে নিতেই এই উৎসব পালন করা হয়, যা ক্ষমা, সমতা, শান্তি ও জাতিগত সংহতির প্রতীক।

অনুষ্ঠানে জেপিএনকে-র সভাপতি নিখিল চাকমা স্বাগত ভাষণে গিম্পো শহরকে জুম্মা সম্প্রদায়ের ‘দ্বিতীয় জন্মভূমি’ হিসেবে অভিহিত করেন। 

তিনি বলেন, “স্থানীয় নাগরিকদের আন্তরিকতা, ভালোবাসা ও সংহতির কারণে জুম্মা সম্প্রদায় এখানে নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে পেরেছে। ২০০২ সাল থেকে আমাদের পূর্বসূরিরা যে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন, তার ফলেই আজ আমরা এই অবস্থানে পৌঁছেছি।” 

তিনি আরও যোগ করেন, এ ধরনের উৎসবের মাধ্যমে সমাজ ও বিশ্বের মানুষের মাঝে সততা, সহানুভূতি ও ন্যায়পরায়ণতার মতো মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া সম্ভব।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি স্বতন্ত্র নৃগোষ্ঠীকে সম্মিলিতভাবে ‘জুম্মা’ বলা হয়। বাংলাদেশের মোট জনসংখ্যার ক্ষুদ্র এক অংশ হলেও তারা নিজস্ব ভাষা, ধর্ম ও সংস্কৃতিতে অনন্য। 

তবে ১৯৬০-এর দশকে কাপ্তাই বাঁধ নির্মাণের ফলে সৃষ্ট বাস্তুচ্যুতি এবং পরবর্তীতে বিভিন্ন মানবাধিকার সংকটের প্রেক্ষাপটে জুম্মা সম্প্রদায়ের অনেক মানুষ বর্তমানে দক্ষিণ কোরিয়া, ভারত, জাপান, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন দেশে স্থায়ীভাবে বসবাস করছেন।

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত জুম্মা অভিবাসী ও শরণার্থীদের অধিকার রক্ষা এবং আদিবাসী সংস্কৃতি রক্ষায় দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে ‘জুম্মা পিপলস নেটওয়ার্ক কোরিয়া’ (জেপিএনকে)। এদিনের অনুষ্ঠানেও বিপুল সংখ্যক অভিবাসী এবং স্থানীয় কোরীয় নাগরিকরা অংশগ্রহণ করেন।