২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের ১১ দফা

সংবাদ সম্মেলন করে এসব দাবি তোলে ৭১ সদস্যের নবগঠিত সংগঠনটি।

যুক্তরাষ্ট্রে শেখ হাসিনা সংগ্রাম পরিষদের ১১ দফা
১১ দফা দাবি উপস্থাপন করছেন সমন্বয়ক ফরিদ আলম।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 01:18 PM

Updated : 26 Aug 2026, 10:32 AM

আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করাসহ অন্তর্বর্তী সরকারের কাছে ১১ দফা দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নবগঠিত সংগঠন ‘শেখ হাসিনা সংগ্রাম পরিষদ’।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে একটি পার্টি হলে সংবাদ সম্মেলন করে ৭১ সদস্যের সংগঠনটি।

এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের অন্যতম সমন্বয়ক ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আলম।

দফাগুলো হচ্ছে:

১. শেখ হাসিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক সব মিথ্যা মামলা’ প্রত্যাহার করতে হবে।

২. আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে সব ‘রাজনৈতিক মিথ্যা মামলা’ প্রত্যাহার এবং সব প্রকার ‘হয়রানি’ বন্ধ করতে হবে।

৩. জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘ভাস্কর্য ভাঙচুর ও অবমাননাকারীদের’ গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিত করতে হবে।

৪. মুক্তিযুদ্ধের ইতিহাস ও ঐতিহ্যবাহী ৩২ নম্বর বাড়িতে ‘ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগকারীদের দেশদ্রোহী মামলার’ অধীনে বিচার ও শাস্তি দিতে হবে।

৫. সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর ‘নির্যাতন, ভাঙচুর ও উৎপাতকারীদের’ গ্রেপ্তার ও শাস্তি দিতে হবে। সব নাগরিকের জানমালের নিরাপত্তা বিধানে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও জোরদার পদক্ষেপ নিতে হবে।

৬. বাংলাদেশে ‘মৌলবাদী সন্ত্রাস ও জঙ্গি তৎপরতা’ বন্ধ করতে হবে এবং রাষ্ট্রীয় সম্পদ ‘বিনষ্টকারীদের’ গ্রেপ্তার করতে হবে।

৭. শিক্ষকদের ‘অবমাননা ও জোরপূর্বক পদত্যাগ’ করানো বন্ধ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে ‘সুষ্ঠু পরিবেশ’ ফিরিয়ে আনতে হবে।

৮. ‘ছাত্র আন্দোলনের নামে’ সারাদেশে যত হত্যাকাণ্ড হয়েছে তার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিচারের আওতায় আনতে হবে।

৯. আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড ‘নিষিদ্ধ করার ষড়যন্ত্র’ বন্ধ করতে হবে এবং দলীয় কর্মসূচি পালনের নিরাপত্তা দিতে হবে।

১০. বাংলাদেশে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য এই অসাংবিধানিক অবৈধ’ অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করতে হবে।

১১. শেখ হাসিনাকে ‘বাদ দিয়ে’ বাংলাদেশে কোন নির্বাচন করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সমন্বয়ক মিসবাহ আহমেদ, জামাল হোসেন, সাখাওয়াত হোসেন চঞ্চল, জামাল হোসেন, হুমায়ুন আহমেদ চৌধুরী, সেবুল মিয়া, আমিনুল ইসলাম, নুরুল ইসলাম, সাদেকুর রহমান, হেলিম উদ্দিন, আব্দুল ওয়াহিদ, জামাল আহামেদ, রিন্টু লাল দাস ও রহিমুজ্জামান সুমন।