২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দাবি লন্ডনে

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর হাতে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন প্রবাসীরা।

মুক্তিযুদ্ধে প্রবাসীদের অবদানের স্বীকৃতি দাবি লন্ডনে
স্মারকলিপি নিচ্ছেন প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী (মাঝে)।

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2024, 02:04 AM

Updated : 26 Aug 2026, 09:32 AM

একাত্তরের মুক্তিযুদ্ধে এবং পরে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদানকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংগঠন ‘আলতাব আলী ফাউন্ডেশন’।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার লন্ডনে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরীর হাতে এ বিষয়ে একটি স্মারকলিপি দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি নুরুদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আনসার আহমেদ উল্লাহ।

স্মারকলিপিতে বলা হয়, ‘বাংলাদেশের স্বাধীনতার পর থেকে ৫০ বছরেরও বেশি সময় ধরে, প্রবাসীদের ভূমিকার কোনও বাস্তব স্বীকৃতি পাওয়া যায়নি। প্রবাসী বাঙালিরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্ত করতে এবং পরবর্তী মুক্তির সংগ্রামে রাজনৈতিক আন্দোলনের মাধ্যমে উল্লেখযোগ্য অবদান রাখেন।’

স্বাধীনতা আন্দোলনে যুক্তরাজ্যের বাঙালি প্রবাসীদের ভূমিকা স্মরণে ঢাকায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রবেশপথে ম্যুরালসহ একটি স্থায়ী তোরণ স্থাপনের প্রস্তাব করা হয় স্মারকলিপিতে।

এছাড়া হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মোড়ে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের আহ্বান জানায় ফাউন্ডেশন। এটি বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের অবদান এবং বিশ্বব্যাপী বাংলা ভাষা ও সংস্কৃতির প্রচারে তাদের উত্সর্গকে স্মরণ করবে বলে মনে করেন তারা।

স্মারকলিপিতে বলা হয়, ‘প্রবাসীরা বাংলাদেশের কষ্টার্জিত স্বাধীনতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আমাদের দেশের অগ্রগতির জন্য অটল দূত হিসেবে কাজ করছেন। এখন সময় এসেছে তাদের স্বীকৃতি পাওয়ার।’

প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী ফাউন্ডেশনের প্রতিনিধি দলকে তাদের প্রস্তাবগুলো বিবেচনার জন্য কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।