২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে সড়ক ও পার্ক পরিষ্কারে অংশ নিলেন বাংলাদেশিরা

‘এখানকার আলো-বাতাসে আমাদের নতুন প্রজন্ম বেড়ে উঠছে। অতএব, এদেশের প্রতি আমাদেরও দায়িত্ব-কর্তব্য রয়েছে।’

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল

প্যারিস থেকে, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2024, 03:06 PM

Updated : 26 Aug 2026, 10:31 AM

বিশ্ব পরিচ্ছন্নতা দিবস উপলক্ষ্যে ফ্রান্সের প্যারিসে সড়ক ও পার্ক পরিষ্কারে অংশ নিয়েছেন প্রায় দুইশ প্রবাসী বাংলাদেশি।

স্থানীয় সময় রোববার এ কর্মসূচি পালন করে সামাজিক সংগঠন ‘সলিডারিতে আঁজি ফ্রান্স’ (সাফ)। পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়াতে এ আয়োজনে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা অংশ নেন।

ওইদিন সকালে সড়ক ও পার্ক পরিষ্কার অভিযান চালানোর পর দুপুরে প্যারিস-১৮ মেরির ভবনের সামনে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা আলোচনা সভা করেন। সভায় এ কার্যক্রমে অংশগ্রহণকারীদের সম্মাননা সনদ দেওয়া হয়।

সমাপনী বক্তব্যে আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নয়ন এনকে বলেন, “সুস্থ-সুন্দরভাবে বেঁচে থাকার জন্য চারপাশের পরিবেশ সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। শহরকে পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা থেকে বিরত থাকার পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আমাদেরকে প্রতিনিয়ত সচেতন থাকতে হবে।”

পরিচ্ছন্নতা কার্যক্রমে বাংলাদেশিদের অংশগ্রহণকে ফরাসিরা অভিবাদন জানিয়েছেন উল্লেখ করে নয়ন বলেন, “যেহেতু আমরা ফ্রান্সে বসবাস করি, এখানকার আলো-বাতাসে আমাদের নতুন প্রজন্ম বেড়ে উঠছে। অতএব, এদেশের প্রতি আমাদেরও দায়িত্ব-কর্তব্য রয়েছে। প্রতিদিন না পারলেও মাঝে মধ্যে বিভিন্ন সামাজিক ও পরিবেশ বিষয়ক কল্যাণমূলক কর্মসূচিতে আমাদের অংশ নেওয়া উচিত।”