প্যারিসে প্রবাসীদের বাংলা সংস্কৃতির উৎসব
এ উৎসব আয়োজন করে ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স’।
ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলার মেলা ও সংস্কৃতির উৎসব করেছেন প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার প্যারিসের প্লাস দো ফেত প্রাঙ্গণে দিনব্যাপী এ উৎসব আয়োজন করে ‘স্বরলিপি শিল্পীগোষ্ঠী ফ্রান্স’।
ওইদিন দুপুর থেকেই মেলায় ভিড় জমতে শুরু করে। সন্ধ্যার আগপর্যন্ত উৎসবপ্রাঙ্গণ ছিল প্রবাসী বাংলাদেশিদের সরব উপস্থিতি।
ফেস্টুন, শোভাযাত্রা ও বর্ণিল সাজে সাজানো আয়োজনে মেলার মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। স্বরলিপির নিজস্ব শিল্পীরা নৃত্য, একক ও দলীয় সঙ্গীত পরিবেশন করে দর্শকদের মনোরঞ্জন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক মনসুর আহমেদ ও মোহাম্মদ আলী এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন সভাপতি এমদাদুল হক স্বপন।
বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা কাজী এনায়েত উল্লাহ ইনু, ফকরুল আলম সেলিম, সাত্তার আলী শাহ আলম ও সুব্রত শুভ।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন বাংলাদেশ থেকে আসা লিজা ও সাগর বাউলসহ ইউরোপের বিভিন্ন দেশের প্রবাসী শিল্পীরা।
সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি মেলায় ছিল দেশীয় পণ্যের স্টল ও ঐতিহ্যবাহী খাবারের দোকান, যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ দেয়।
