ধর্মীয় সম্প্রীতির প্রত্যাশায় নিউ ইয়র্কে দুর্গোৎসব শুরু
উৎসব শুরুর দিন ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের।
ধর্মীয় সম্প্রীতির প্রত্যাশায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব।
শনিবার বিকেলে নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে দুইদিনের এ উৎসব শুরুর দিন ঢল নামে প্রবাসী বাংলাদেশিদের। পুরো এলাকা নেচে উঠে ঢাকের শব্দ আর ধূপধুনোর গন্ধে।
নিউ ইয়র্ক অঞ্চলে লক্ষাধিক হিন্দুর বসতি থাকলেও এই প্রথম টাইমস স্কয়ারে দুর্গাপূজা উদযাপনের কর্মসূচি নেয় ‘বেঙ্গলি ক্লাব ইউএসএ’ এবং ‘হিন্দু কমিউনিটি অব নিউ ইয়র্ক’।
প্রতিমা স্থাপনের পরই কৌতূহলী আমেরিকানরা সেখানে ভিড় জমাতে থাকেন। বিভিন্ন ধর্ম আর জাতিগোষ্ঠীর পর্যটকরা দুর্গাদেবীর প্রতিমা দেখতে আসেন।
ওইদিন সকালে পূজা-অর্চনা শুরু হয়। কীর্তন আর অঞ্জলির মধ্যে প্রসাদ বিতরণ করা হয় আয়োজকদের উদ্যোগে। বিকেলে নৃত্যগীতে অংশ নেন শিল্পীরা। এ পর্বের সমন্বয় করেন আল্পনা গুহ।
শুভ রায় ও সোনিয়ার উপস্থাপনায় শিল্পী কৃষ্ণাতিথি ভক্তিমূলক গান শোনান। এসময় মাটি ব্যান্ড অংশ নেয় লিড গিটারিস্ট পার্থ গুপ্তের নেতৃত্বে। ছিল কবিতা আবৃত্তির ব্যবস্থাও।
উৎসব শুরুর এ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন আয়োজক সংগঠকদের অন্যতম দিনেশ মজুমদার, শিতাংশু গুহ, নবেন্দু দত্ত, দীপক দাস, তাপস সাহা, আর পি দত্ত স্বপন, রনজিৎ সরকার ও পল্লব সরকার।
