১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ভেনিসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে

অভিযুক্ত প্রবাসী বাংলাদেশি ওই পরিবারের সঙ্গে একই ফ্ল্যাটে সাবলেটে থাকতেন।

ভেনিসে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ বাংলাদেশির বিরুদ্ধে
স্থানীয় ক্যরাবিনিয়েরি বা ইতালিয়ান পুলিশ গৃহবধূর জবানবন্দি রেকর্ড করেছে এবং শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে, ছবি: ডয়চে ভেলে।

বিডিনিউজ২৪

সাইফুল ইসলাম, ইতালি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2026, 02:28 PM

Updated : 26 Aug 2026, 03:35 PM

ইতালির ভেনিসে নবজাতক সন্তানের সামনে এক বাংলাদেশি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযুক্ত প্রবাসী বাংলাদেশি ওই পরিবারের সঙ্গে একই ফ্ল্যাটে সাবলেটে থাকতেন।

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় ভেনিসের মূল ভূখণ্ড মেস্ত্রে এলাকার একটি বাড়িতে এ ঘটনা ঘটে। তদন্তের স্বার্থে এখন পর্যন্ত ভুক্তভোগী ও অভিযুক্তের নাম প্রকাশ করা হয়নি।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদপত্র ইল জিওরনালে ও টিজি-কম টোয়েন্টিফোরে প্রকাশিত সংবাদে বলা হয়, ভুক্তভোগী গৃহবধূ তার স্বামী, তিন মাস বয়সি শিশুসন্তান এবং কয়েকজন বাংলাদেশি প্রবাসীর সঙ্গে ওই ফ্ল্যাটে থাকতেন। ঘটনার দিন সন্ধ্যায় তার স্বামী কর্মস্থলে ছিলেন। 

এই সুযোগে একই ফ্ল্যাটের বাসিন্দা এক বাংলাদেশি যুবক গৃহবধূর ঘরে প্রবেশ করেন এবং নবজাতক শিশুর সামনেই তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ গৃহবধূর জবানবন্দি রেকর্ড করেছে এবং শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠিয়েছে। 

মেস্ত্রে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে যৌন সহিংসতার মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। 

এই ঘটনাটি ইতালির জাতীয় রাজনীতিতেও উত্তাপ ছড়িয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য এবং ডানপন্থি নেত্রী আন্না মারিয়া চিসিনট সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা জানান। তিনি ওই গৃহবধূর ‘কম বয়সে’ মা হওয়া এবং সাবলেট ব্যবস্থার সমালোচনা করেছেন।