২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় গণহত্যার প্রতিবাদে লন্ডনে প্রবাসীদের বিক্ষোভ

যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে গ্রেপ্তারের দাবি জানান তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন থেকে

Published : 20 Apr 2025, 10:30 AM

Updated : 01 Sep 2026, 11:41 AM

ফিলিস্তিনের গাজায় চলমান হামলার প্রতিবাদ ও যুদ্ধাপরাধের অভিযোগ এনে যুক্তরাজ্যে বিক্ষোভ করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

শুক্রবার সন্ধ্যায় লন্ডনের নিউ স্কটল্যান্ড ইয়ার্ডের সামনে এ বিক্ষোভের আয়োজন করে ‘ইন্টারন্যাশনাল জুয়িশ অ্যান্টি-জায়োনিজম নেটওয়ার্ক’ (আইজেএএন)।

সম্প্রতি গাজা শহরের আল-আহলি ব্যাপটিস্ট হাসপাতালে চালানো বোমা হামলার প্রেক্ষাপটে এ বিক্ষোভ আয়োজিত হয়।

কর্মসূচিতে বিক্ষোভকারীরা যুক্তরাজ্যে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত সিপি হোটোভেলিকে গ্রেপ্তার এবং গাজায় দায়ীদের আন্তর্জাতিক আইনে বিচারের আওতায় আনার আহ্বান জানান।

বক্তারা বলেন, “গাজার স্বাস্থ্যব্যবস্থা চরম সংকটে—ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত ৩৬টি হাসপাতাল সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়েছে। ফিলিস্তিনিদের বিরুদ্ধে বাস্তুচ্যুতি, অনাহার ও গণহত্যা একটি পদ্ধতিগত অভিযান।”

বিক্ষোভকারীরা ‘হোটোভেলিকে বহিষ্কার করুন’, ‘গণহত্যায় যুক্তরাজ্য ও মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অবসান চাই’—এই স্লোগান দেন। তারা ব্রিটেনে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের ওপর চলমান রাজনৈতিক ও পুলিশি দমন-পীড়নের নিন্দা জানান।

বিক্ষোভে ব্যানার, পতাকা, প্ল্যাকার্ড, ড্রাম এবং খোলা মাইকে বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ‘বাঙালিস ফর প্যালেস্টাইন’-এর পক্ষে আনসার আহমেদ উল্লাহ ও শহীদ আলী।

সংগঠনের চেয়ারম্যান নূরউদ্দিন আহমেদ ছাড়াও কমিউনিটি কর্মী রাজনুদ্দিন জালাল, শফিক আহমেদ, রইস আলী, আব্দুল আহাদ চৌধুরী, আহমেদ ফকর কামাল, জাভেদ আহমেদ ও জামাল আহমেদ খান বিক্ষোভে অংশ নেন।

আইজেএএন-এর এক প্রতিনিধি বলেন, “আমরা ইহুদিবাদী গোষ্ঠীগুলোর হুমকি ও আক্রমণ নথিভুক্ত করে চলছি এবং পুলিশ প্রশাসনের প্রতি যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য চাপ সৃষ্টি অব্যাহত রাখব।”

বিশ্বজুড়ে গাজা যুদ্ধবিরোধী আন্দোলন জোরালো হচ্ছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, কানাডা ও ইউরোপজুড়ে চলমান এসব বিক্ষোভে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্লিপ্ততারও সমালোচনা করা হচ্ছে।