১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পর্তুগালে সড়কে ঝরল প্রবাসীর প্রাণ, থামল নতুন সংসারের স্বপ্ন

বিয়ের ৩ মাস পর সচ্ছলতার আশায় পর্তুগালে ফিরে আসেন তিনি।

পর্তুগালে সড়কে ঝরল প্রবাসীর প্রাণ, থামল নতুন সংসারের স্বপ্ন
মো. শামসুল ইসলাম কামরান (২৫), ছবি: সংগ্রহীত।

বিডিনিউজ২৪

শাহ মুহাম্মদ তানভীর, পর্তুগাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2026, 01:18 PM

Updated : 11 Sep 2026, 03:35 PM

উন্নত জীবনের প্রত্যাশা আর পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে ইউরোপে পাড়ি জমিয়েছিলেন মো. শামসুল ইসলাম কামরান (২৫)। কিন্তু ভাগ্যের পরিহাসে প্রবাসের মাটিতেই চিরতরে থমকে গেল তার সেই স্বপ্নযাত্রা। 

স্থানীয় সময় শনিবার রাতে পর্তুগালের সেতুবাল জেলার আলমেদা এলাকায় এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই বাংলাদেশি তরুণ।

নিহত কামরানের বাড়ি সিলেট জেলার ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের খাগদিওর গ্রামে। তিনি প্রয়াত মুতলিব আলীর তৃতীয় সন্তান।

পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি রনি মোহাম্মদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওইদিন দুর্ঘটনার পর আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় জরুরি সেবা কর্মীরা তাকে উদ্ধার করে আলমেদা হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন রোববার বিকেলে মারা যান তিনি। 

বর্তমানে স্থানীয় পুলিশ প্রশাসন দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী জুমন আহমদ বলেন, “চলতি বছরের শুরুতেই দেশে ফিরে বিয়ে করেছিলেন কামরান। বিয়ের মাত্র ৩ মাস পর, নতুন সংসারের সুখ আর সচ্ছলতার আশায় আবারও পর্তুগালে আসেন তিনি। কিন্তু বিয়ের হাতের মেহেদির রং মুছে যাওয়ার আগেই দুর্ঘটনা কেড়ে নিল তার প্রাণ, স্তব্ধ করে দিল পরিবারের পরিকল্পনা।”

কামরানের এই মৃত্যুতে পর্তুগাল প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে শোক নেমে এসেছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তার লাশ দ্রুত দেশে পরিবারের কাছে পাঠানোর চেষ্টা চলছে বলে জানান তারা।