২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রিসে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ‘রেমিট্যান্স উৎসব’

বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহ দিতে এ কর্মসূচি।

মতিউর রহমান মুন্না

গ্রিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 02:39 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

দেশে বৈধপথে রেমিট্যান্স পাঠাতে গ্রিস প্রবাসীদের উৎসাহ দিতে ‘রেমিট্যান্স উৎসব’ কর্মসূচি হাতে নিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধপথে প্রবাসী আয়, গড়ব বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে এ কর্মসূচিতে অংশ নেবে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার স্থানীয় সময় বিকালে এথেন্সের পাথিশিয়ন এলাকার ‘তাজ মহল’ ট্রাভেল অ্যান্ড মানি ট্রান্সফার এজেন্সি পরিদর্শনে যান রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা। 

সঙ্গে ছিলেন দূতাবাসের শ্রম কাউন্সেলর বিশ্বজিৎ কুমার পাল ও দ্বিতীয় সচিব রাবেয়া বেগম। তাদের স্বাগত জানান প্রতিষ্ঠানের মালিক বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সাধারণ সম্পাদক এইচ এম জাহিদ ইসলাম।

প্রবাসীদের বৈধপথে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ দিয়ে রাষ্ট্রদূত বলেন, “বর্তমানে বাংলাদেশের অর্থনীতি প্রবাসীদের আয়ের উপর নির্ভর করে। প্রবাসীদের সাপোর্টেই দেশ এগিয়ে যাচ্ছে।”

রাষ্ট্রদূতের উপস্থিতিতে বৈধভাবে রেমিট্যান্স প্রেরণকারীদের নিয়ে লটারির আয়োজন করে ‘তাজ মহল’ মানি ট্রান্সফার এজেন্সি। এতে ৮ প্রবাসীকে পুরস্কার দেওয়া হয়।