২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বদিউর রহমান স্মরণে নিউ ইয়র্কে উদীচীর সভা

বরিশালে জন্ম নেওয়া বদিউর রহমান ছাত্রজীবন থেকেই প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2025, 07:44 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

উদীচী শিল্পীগোষ্ঠীর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক বদিউর রহমানের স্মরণে নিউ ইয়র্কে সভা করেছে সংগঠনটি।

শুক্রবার 'আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে' গান পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। 

পরে উদীচী, প্রগ্রেসিভ ফোরাম ও মহিলা পরিষদের নেতারা তার প্রতিকৃতিতে ফুল দেন।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ক্ল্যারা রোজারিও। সূচনা বক্তব্য দেন সাধারণ সম্পাদক কল্লোল দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুপর্না সরকার রীমা ও মুনমুন সাহা।

স্মৃতিচারণ করেন উদীচী যুক্তরাষ্ট্র সংসদের নেতা ও প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি জাকির হোসেন বাচ্চু। 

তিনি বলেন, "বদিউর রহমান সারাজীবন প্রগতিশীল মূল্যবোধ, অসাম্প্রদায়িক চেতনা ও মুক্তিযুদ্ধের আদর্শ লালন করেছেন।"

পরে বক্তব্য দেন উদীচী-জামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা, প্রজ্ঞা পত্রিকার সম্পাদক উত্তম কুমার সাহা, সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহমেদ শাম্মু, মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মনিরুল ইসলাম, মিয়া জাকির, মহিলা পরিষদের রাবেয়া আক্তার, আবৃত্তিকার গোপন সাহা, প্রাক্তন ছাত্রনেতা মুজাহিদ আনসারী, বাঙালীয়ানা টিভির সম্পাদক সাগর লোহানী, প্রগ্রেসিভ ফোরামের সহ-সভাপতি ওবায়দুল্লাহ মামুন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার সাবেক ডিন মতলুব আলী।

বক্তারা বলেন, বরিশালে জন্ম নেওয়া বদিউর রহমান ছাত্রজীবন থেকেই প্রগতিশীল আন্দোলন ও সাংস্কৃতিক চর্চার সঙ্গে যুক্ত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে শিক্ষকতা শুরু করেন এবং তরুণদের মুক্তচিন্তার চর্চায় উদ্বুদ্ধ করেন।

দীর্ঘ সময় তিনি উদীচীর কেন্দ্রীয় সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৯ সালে যশোরে উদীচীর অনুষ্ঠানে বোমা হামলার পর সংগঠনকে ঐক্যবদ্ধ রাখতে তিনি ভূমিকা রাখেন। তার নেতৃত্বে উদীচী সারাদেশে সাংগঠনিকভাবে শক্তিশালী হয়।

সভায় বক্তারা বলেন, বদিউর রহমানের জীবন ও দৃষ্টিভঙ্গি আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানের শেষপর্বে সাংস্কৃতিক পরিবেশনা হয়। এতে অংশ নেন রাবেয়া আক্তার, লিলি মজুমদার, সুপর্না সরকার রীমা, সুলেখা পাল, মুনমুন সাহা, শুভ্রা নন্দী, স্নিগ্ধা আচার্যী ও জুলি খাস্তগীর। তবলায় সহযোগিতা করেন স্বপন দত্ত।