২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশিগানে ‘বাংলাটাউন’ নামফলকে পতাকা মোছায় প্রবাসীদের ক্ষোভ

২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান এ নামফলক উদ্বোধন করেন।

মিশিগানে ‘বাংলাটাউন’ নামফলকে পতাকা মোছায় প্রবাসীদের ক্ষোভ
‘বাংলাটাউন’ নামফলক থেকে মুছে ফেলা হয়েছে বাংলাদেশের জাতীয় পতাকা।

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2024, 12:55 PM

Updated : 26 Aug 2026, 10:56 AM

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ‘বাংলাটাউন’ নামফলক থেকে বাংলাদেশের জাতীয় পতাকা মুছে ফেলার ঘটনায় প্রবাসীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে।

স্থানীয় জায়েন পার্কে স্থাপিত ফলকটির একদিকে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পতাকা এবং অন্যদিকে জাতীয় স্মৃতিসৌধ খচিত ‘স্বাগতম বাংলাটাউন’ লেখা ছিল।

প্রবাসীরা অভিযোগ করেন, “কে বা কারা অন্য সবকিছু অক্ষত রেখে শুধু বাংলাদেশের পতাকা মুছে ফেলেছে। ৪ বছর আগেও দুর্বৃত্তরা বাংলাটাউন নামফলকে কালি লেপে দিয়েছিল। তখন বিষয়টি ডেট্রয়েট সিটি পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা জানা যায়নি।”

মিশিগানের সংবাদদাতা আশিক রহমান জানান, ২০১৫ সালের ৬ নভেম্বর মিশিগানের ডেট্রয়েট-হ্যামট্রমিক সিটির কনান্ট অ্যাভিনিউয়ে অবস্থিত বাণিজ্যিক এলাকাকে তৎকালীন স্টেট গভর্নর রিক স্নাইডার ‘বাংলাটাউন’ স্বীকৃতি দেন। বাংলাটাউন নামফলকটি নির্মাণ করে ‘বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ (বেপাক)।

তারপর ২০১৭ সালের ২০ অক্টোবর ডেট্রয়েট সিটির মেয়র মাইক ডোগান এ নামফলক উদ্বোধন করেন।

‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান’ (বাম) এর সাবেক সভাপতি আব্দুল আহাদ আহমেদ জানান, উদ্বোধনের আগে ফলকটি বানানো হয়েছিল একতারা ও দেশীয় রিকশার ছবি দিয়ে। আলোচনা-সমালোচনার পর শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় পতাকা ও জাতীয় স্মৃতিসৌধের ছবি দিয়ে তা উন্মোচন করা হয়।

‘বাংলাদেশি আমেরিকান পাবলিক অ্যাফেয়ার্স কমিটি’ (বেপাক) এর ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাহেদুল হক বলেন, “বিষয়টি নিয়ে আমরা বৈঠকে বসেছিলাম। শীঘ্রই পতাকাটি আবার বসানো হবে। এখন আমরা নামফলকের আশপাশে সিসিটিভি ও আলোর ব্যবস্থা করবো।”