মালদ্বীপে জাতীয় দিবসে বাংলাদেশিদের ফুটবল টুর্নামেন্ট
অবৈধ অভিবাসী ধরপাকড়ের মধ্যে নিজেদের মধ্যে ‘চাপ কমাতে’ এ আয়োজন করেন তারা।
মালদ্বীপের জাতীয় দিবস উপলক্ষ্যে বিভিন্ন দেশের প্রবাসীদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে দেশটিতে বসবাসরত কর্মজীবী বাংলাদেশিরা।
শুক্রবার দেশটির রাজধানী মালের স্পোর্টস কমপ্লেক্স মাঠে দিনব্যাপী এ আয়োজন করে বাংলাদেশিদের সংগঠন ‘দেশি ফুটবল টিম’ (ডিএফটি)।
এতে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা ও পাকিস্তানের মোট ২০টি দল অংশ নেয়। ১৯ ম্যাচের এ প্রতিযোগিতায় ফাইনাল ম্যাচে টাইব্রেকারে ৪-৫ গোলে ‘রয়েল টাইগার হোয়াইটকে’ হারিয়ে ‘রয়েল টাইগার গ্রিন’ বিজয়ী হয়।
টুর্নামেন্টের সেরা পুরস্কার জিতেন বিজয়ী দলের খেলোয়াড় মো. আরিয়ান। চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আহমেদ সেলিম এবং রানার্সআপ দলের অধিনায়ক মো. জীবনের হাতে পুরস্কার তুলে দেন প্রবাসী ব্যবসায়ী বাবুল হোসেন।
তিনি বলেন, “রাজধানী মালেসহ বিভিন্ন দ্বীপে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি করাই এ ফুটবল টুর্নামেন্টের মূল উদ্দেশ্য।”
খেলার আয়োজক সংগঠন ‘দেশি ফুটবল টিম’ (ডিএফটি) এর ব্যবস্থাপক নজরুল ইসলাম মামুন বলেন, “মালদ্বীপে প্রতিদিনই চলছে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান। বাংলাদেশিদের মধ্যে চাপ কমাতে প্রবাসীদের নিয়ে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।”
