২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পূর্ব লন্ডনে শহীদ মিনারে পালিত হলো আলতাব আলী দিবস

১৯৭৮ সালে পূর্ব লন্ডনের অ্যাডলার স্ট্রিটে এক বর্ণবাদী হামলায় নিহত হন তরুণ বাংলাদেশি পোশাকশ্রমিক আলতাব আলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আনসার আহমেদ উল্লাহ, লন্ডন থেকে

Published : 08 May 2025, 12:48 AM

Updated : 01 Sep 2026, 11:44 AM

এক নজরে

১৯৭৮ সালে পূর্ব লন্ডনের অ্যাডলার স্ট্রিটে এক বর্ণবাদী হামলায় নিহত হন তরুণ বাংলাদেশি পোশাকশ্রমিক আলতাব আলী।

প্রায় ৪৬ বছর আগে যুক্তরাজ্যে বর্ণবাদবিরোধী আন্দোলনে নিহত বাংলাদেশি শ্রমিক আলতাব আলী স্মরণে পূর্ব লন্ডনে আলতাব আলী দিবস পালন করেছে প্রবাসীরা।

রোববার আলতাব আলী পার্কের শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে শুরু হয় শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান।

এতে অংশ নেন স্থানীয় প্রশাসনের প্রতিনিধি, কমিউনিটি নেতা, সামাজিক-রাজনৈতিক কর্মী এবং সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের পক্ষে কেবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ, কামরুল হোসেন, সাবেক স্পিকার শাফি আহমেদ এবং বাংলাদেশ হাই কমিশনের পক্ষে প্রেস মিনিস্টার আকবর হুসেন শহীদ মিনারে ফুল দেন। এছাড়া, আলতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট, আলতাব আলী ফাউন্ডেশন, কমিউনিটি কর্মী এবং মানবাধিকার কর্মীরা এতে অংশ নেন।

শ্রদ্ধা নিবেদনের পর এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে শুরু হয় স্মরণসভা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন কাউন্সেলর কামরুল হোসাইন মুন্না।

স্মরণসভায় বক্তৃতা দেন কেবিনেট মেম্বার আব্দুল ওয়াহিদ, শাফি আহমেদ, প্রেস মিনিস্টার আকবর হুসেন, আলতাব আলী ফাউন্ডেশনের আশরাফ মাহমুদ নেসওয়ার, ট্রাস্টের পক্ষে হামিদা ইদ্রীস, 'জুয়িশ সোশালিস্ট গ্রুপ'-এর ডেভিড রোসেনবার্গ এবং 'স্ট্যান্ড আপ টু রেসিজম'-এর শিলা ম্যাকগ্রেগর।

পরে সন্ধ্যায় ব্রাডি সেন্টারে আয়োজিত হয় প্যানেল আলোচনা অনুষ্ঠান—'প্রোটেস্ট অ্যাক্রস দ্য জেনারেশনস'। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সালওয়া রহমান এবং সঞ্চালনা করেন ফাতেমা রোজিনা।

আলোচনায় অংশ নেন শিল্পী তাসনিম আমিন সিদ্দিকা এবং বাংলাদেশ ইয়ুথ মুভমেন্টের প্রতিষ্ঠাতা রাজন উদ্দিন জালাল। আলোচনায় উঠে আসে ব্রিটিশ-বাঙালিদের বর্ণবাদবিরোধী প্রতিবাদের ইতিহাস, তাৎপর্য এবং সমসাময়িক প্রেক্ষাপট।

১৯৭৮ সালের ৪ মে, পূর্ব লন্ডনের অ্যাডলার স্ট্রিটে এক বর্ণবাদী হামলায় নিহত হন তরুণ বাংলাদেশি পোশাকশ্রমিক আলতাব আলী। তার মৃত্যুর পর গোটা লন্ডনজুড়ে বাঙালি কমিউনিটিতে প্রতিবাদের ঝড় ওঠে।

ঘটনায় জড়িত তিন যুবককে পরবর্তীতে গ্রেপ্তার করা হয় এবং আদালতের রায়ে একজনকে সাত বছরের এবং অন্য দুইজনকে তিন বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

১৯৯৮ সালে, আলতাব আলীর প্রতি শ্রদ্ধা জানিয়ে পূর্ব লন্ডনের সেই স্থানটি আলতাব আলী পার্ক হিসেবে নামকরণ করা হয়। আলতাব আলীর জন্ম বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায়।