সংশোধিত আইনে বাংলাদেশ থেকে ফের কর্মী নেবে মালদ্বীপ
কোনো একক দেশ থেকে এক লাখের বেশি কর্মী না নেওয়ার আইনটি চালু করে যায় মালদ্বীপের বিগত সরকার।
আইন সংশোধন করে মালদ্বীপে বাংলাদেশিদের জন্য নতুন ভিসা চালুর কথা জানিয়েছেন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি অ্যান্ড টেকনোলজি মন্ত্রী আলী ইহসান।
বৃহস্পতিবার তার সঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার এস এম আবুল কালাম আজাদ বৈঠক করলে একথা জানান তিনি।
বিদেশি কর্মী নিয়োগের ক্ষেত্রে সতর্কতা হিসেবে একটি আইন চালু করে যায় মালদ্বীপের বিগত সরকার। কোনো একক দেশ থেকে এক লাখের বেশি কর্মী না নেওয়ার এ আইন সংসদে অনুমোদন করে তারা। দেশটিতে বাংলাদেশি বৈধ কর্মীর সংখ্যা এক লাখ ছাড়িয়ে যাওয়ায় নতুন কর্মীরা ভিসা পাচ্ছিলেন না।
এ অবস্থায় কর্মী না নেওয়ার আইনটি পর্যালোচনা করা হচ্ছে বলে জানান মালদ্বীপের বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আলী ইহসান। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ থেকে আবারও শ্রমিক নিতে আগ্রহ দেখান তিনি।
বাংলাদেশের হাই কমিশনার মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ ও মালদ্বীপের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিষয়ে জানান। তিনি দেশটিতে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের বৈধকরণ, নতুন ওয়ার্ক পারমিট চালু করা এবং বন্দি বিনিময় চুক্তি নিয়ে আলোচনা করেন।
মালদ্বীপের স্বরাষ্ট্রমন্ত্রী দেশটির আইন সংশোধন সাপেক্ষে নতুন ওয়ার্ক পারমিট দেওয়া হবে বলে জানান। খুব শীঘ্রই অবৈধ কর্মীদের বৈধকরণ কার্যক্রম শুরু হবে। এই সুযোগে তিনি সব অবৈধ কর্মীদের রেজিস্ট্রেশন করার ও বৈধ হওয়ার জন্য অনুরোধ জানান।
এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী প্রবাসী কর্মীদের কোন অবৈধ ব্যবসায় যুক্ত না হওয়ার জন্য বলেন। নতুন ভিসা চালু হলে বাংলাদেশ থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর ছাড়পত্র (বিএমইটি ক্লিয়ারেন্স) ছাড়া কোন কর্মী গ্রহণ না করার এবং ভবিষ্যতে বাংলাদেশি কর্মী আনার ক্ষেত্রে উভয় দেশ থেকে যেন কোন দালালচক্র বিষয়টি প্রভাবিত করতে না পারে সেই ব্যবস্থা নেওয়ার বিষয়েও একমত হন।
বৈঠকের শেষ পর্যায়ে হাই কমিশনার সম্প্রতি বাংলাদেশের ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে দেশটির থিনাধু আইল্যান্ডে মিছিলে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরত না পাঠানো বা ডিপোর্ট না করার জন্য পুনরায় অনুরোধ জানান।
বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মো. সোহেল পারভেজসহ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বৈঠকে উপস্থিত ছিলেন।
