২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কোরিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর

হাসিবুর গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন এবং স্ত্রীসহ দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন।

কোরিয়ায় সড়কে প্রাণ গেল বাংলাদেশি শিক্ষার্থীর
নিহত হাসিবুর রহমান (২৫)

বিডিনিউজ২৪

রিমন আল মাহদী, দক্ষিণ কোরিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 May 2026, 02:48 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় হাসিবুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

নিহত হাসিবুর জয়পুরহাট জেলার কালাই উপজেলার মহেশপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০২৩ সালে উচ্চশিক্ষার জন্য দক্ষিণ কোরিয়ায় আসেন।

কোরিয়ায় অবস্থানরত তার শ্বশুরবাড়ির আত্মীয় ফারজাদ সোবহান নাফি এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, শনিবার মধ্যরাতে বন্ধুর বাসা থেকে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি হাসিবুরকে ধাক্কা দেয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়ির চালক 'মদ্যপ' ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

দুর্ঘটনার পর তাকে প্রেসবিটেরিয়ান মেডিকেল সেন্টারে নেওয়া হয় এবং জরুরি বিভাগে লাইফ সাপোর্টে রাখা হয়। 

তবে মস্তিষ্কে আঘাতের কারণে রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

নিহত হাসিবুর রহমান প্রথমে জনবুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে কোরিয়ান ভাষা কোর্সে ভর্তি হন। পরে সওইয়ং বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করছিলেন।

ফারজাদ সোবহান নাফি জানান, হাসপাতালের বিল পরিশোধ না হওয়ায় লাশ বর্তমানে হিমাগারে রাখা হয়েছে। দ্রুত লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।

নিহতের বন্ধু আরেক প্রবাসী রিপন হোসাইন বলেন, "এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া চলছে। সোমবারের পর লাশ দেশে পাঠানো হতে পারে।"

হাসিবুর গত বছরের ডিসেম্বরে বিয়ে করেন এবং স্ত্রীসহ দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছিলেন। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।