২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে বাংলাদেশিদের উদ্যোগে ঈদ বাজার

প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য অরেলিয়ান তাশে।

বিডিনিউজ২৪

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2025, 12:50 AM

Updated : 26 Aug 2026, 12:51 PM

ফ্রান্সের রাজধানী প্যারিসে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশি উদ্যোক্তাদের অংশগ্রহণে ষষ্ঠ ‘বাণিজ্য মেলা ও ঈদ বাজার’।

রোববার ঐতিহাসিক প্লাস দে লা রিপাবলিক চত্বরে দিনব্যাপী এই আয়োজন করে ফ্রান্সে বাংলাদেশি সংগঠন ‘সলিডারিটি আঁজি ফ্রান্স’ (সাফ)।

সাফ প্রেসিডেন্ট নয়ন এনকে-এর উদ্বোধনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এবারের আয়োজনে ৭০টিরও বেশি স্টল বসে, যেগুলোর উল্লেখযোগ্য অংশ পরিচালনা করেন নারী উদ্যোক্তারা। পোশাক, গয়না, প্রসাধনী, খাবারসহ নানা দেশি-বিদেশি পণ্যে সমৃদ্ধ এই মেলায় প্রতিফলিত হয় বাঙালির ঐতিহ্য ও ঈদের রঙিন আমেজ।

মেলার প্রধান অতিথি ছিলেন ফ্রান্সের জাতীয় সংসদের সদস্য অরেলিয়ান তাশে। তার সঙ্গে উপস্থিত ছিলেন প্যারিসের ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনজুমানে সিসোকো।

শিশুদের জন্য ছিল চিত্রাঙ্কন, খেলাধুলা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন। পাশাপাশি আয়োজকেরা পরিবেশন করেন আবহমান বাংলার সাংস্কৃতিক অনুষঙ্গ।

মেলায় ফ্রান্সে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের ব্যক্তি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 

আয়োজকরা জানান, এই আয়োজন প্রবাসে বাংলাদেশি ব্যবসায়ী ও সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

‘সলিডারিটি আঁজি ফ্রান্স’-এর পক্ষ থেকে ভবিষ্যতেও এই ধরনের বাণিজ্যিক ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখার ঘোষণা দেওয়া হয়।