যুক্তরাষ্ট্রে দুই কূটনৈতিক মিশনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন
শহীদ স্মরণে ওয়াশিংটন ডি.সি. ও নিউ ইয়র্কে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শন করা হয়।
জুলাই-অগাস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষ্যে পৃথক পৃথক কর্মসূচির আয়োজন করেছে ওয়াশিংটন ডি.সি. ও নিউ ইয়র্কে অবস্থিত বাংলাদেশের দুই কূটনৈতিক মিশন।
শুক্রবার ওয়াশিংটন ডি.সিতে নিজস্ব অডিটোরিয়ামে ‘জুলাই বিয়ন্ড বর্ডারস’ শিরোনামে অনুষ্ঠান করে বাংলাদেশ দূতাবাস।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতে ‘গণঅভ্যুত্থান ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার’ স্মরণে আলোকচিত্র, পোস্টার ও প্রামাণ্যচিত্র প্রদর্শন করেন আয়োজকরা।
একই দিনে নিউ ইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের যৌথ উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়।
প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার অর্থবিষয়ক বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী।
তিনি তার বক্তব্যে গণঅভ্যুত্থানে শহীদ এবং সম্প্রতি মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণ করেন।
তিনি বলেন, “২০২৪-পরবর্তী বাংলাদেশ একটি নতুন ধারায় প্রবেশ করেছে, যেখানে সংস্কার, সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্য সামনে রেখে কার্যক্রম পরিচালিত হচ্ছে। এ প্রক্রিয়ায় প্রবাসী বাংলাদেশিদের অব্যাহত সহযোগিতা এবং রেমিট্যান্সযোদ্ধাদের অবদান স্মরণে রাখতে হবে।”
রাষ্ট্রদূত সালাহউদ্দিন নোমান চৌধুরী ও কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক তাদের বক্তব্যে জুলাই গণঅভ্যুত্থানে প্রবাসী ছাত্র-জনতার অবদান তুলে ধরেন।
