বিএনপির দুদু ও স্বপন ২ দিনের রিমান্ডে
এর আগে তাদের দুইজনই পৃথক মামলায় ভিন্ন ভিন্ন সময়ে রিমান্ডে ছিলেন।
পুলিশের পিস্তল ছিনতাই ও মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা শামসুজ্জামান দুদু ও জহির উদ্দিন স্বপনকে দুই দিনের রিমান্ডে পেয়েছে পুলিশ।
সোমবার শুনানি শেষে মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী তাদের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন।
এর আগে তাদের দুইজনই পৃথক মামলায় ভিন্ন ভিন্ন সময়ে রিমান্ডে ছিলেন।
বিএনপির ২৮ অক্টোবরের সমাবেশ ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পুলিশের অস্ত্র ছিনতাই এবং পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে হামলায় ঢাকার পল্টন থানায় দায়ের করা মামলার আসামী এ দুই নেতা।
সোমবার বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এবং মিডিয়া সেলের আহ্বায়ক সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে জিজ্ঞাসাবাদে পাঁচ দিনের রিমান্ডে চান তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশ পরিদর্শক মো. আব্দুল হাই।
এদিন দুদুকে আদালতে হাজির করা হয় এবং স্বপনকে কারাগার থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে উপস্থিত ছিলেন।
আদালতে পল্টন থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই শাহ আলম শুনানি শেষে আদালতের রিমান্ড মঞ্জুর করার তথ্য জানান।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের উসকানি ও প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানাধীন পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করে।
এছাড়া পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতি সাধন করে। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চানমারী পুলিশ লাইন্সের ডিউটি পোস্টে অগ্নিসংযোগসহ ইট-পাটকেল নিক্ষেপ করে।
মামলায় অভিযোগ করা হয়, জানমালের নিরাপত্তা ও সরকারি সম্পত্তির রক্ষার্থে তাদের নিবৃত করতে গেলে তিন দিক থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন পুলিশ আহত হন এবং এএসআই এরশাদুল হককে হত্যার উদ্দেশ্যে এলোপাতাড়ি মারধর করে তার পিস্তল ও আট রাউন্ড গুলি ভর্তি ম্যাগাজিন ছিনিয়ে নিয়ে যায়।
এর আগে ৬ নভেম্বর প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় দায়ের করা মামলায় দুদুকে তিন দিন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছিল ঢাকার আদালত।
অপরদিকে গত ৩ নভেম্বর বিএনপির সমাবেশ ঘিরে সংঘর্ষের মধ্যে পুলিশ হত্যার ঘটনায় দায়ের করা মামলায় স্বপনকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছিল ঢাকার আরেকটি আদালত।
