২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিপিসির মুনাফা, অর্থের ব্যবহার ও ব্যয়ের হিসাব প্রকাশের দাবি জেএসডির

বিপিসি মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান- তা স্পষ্ট করার দাবি তুলেছে দলটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 25 Sep 2026, 07:59 PM

Updated : 25 Sep 2026, 07:59 PM

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ পেট্রোলিয়ার করপোরেশন-বিপিসির অতীত মুনাফা, অর্থের ব্যবহার এবং বর্তমান আমদানি ও পরিচালন ব্যয়ের পূর্ণ হিসাব প্রকাশের দাবি তুলেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)।

দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেছেন, “আন্তর্জাতিক মূল্য, বিনিময় হার, পরিবহন ব্যয় ও বিপিসির লাভ-লোকসান বিবেচনায় স্বচ্ছ এবং নিয়মিত মূল্য-সমন্বয় করতে হবে। মূল্যবৃদ্ধি অনিবার্য হলে তার অর্থনৈতিক ভিত্তি ও বিকল্পও জনগণের সামনে তুলে ধরতে হবে।”

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার বিকালে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন বলে জেএসডির এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে।

শহীদ উদ্দিন মাহমুদ বলেন, “বিপিসি মুনাফাভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান, নাকি জনসেবামূলক প্রতিষ্ঠান- এটি জনগণের কাছে স্পষ্ট করতে হবে। জনসেবামূলক প্রতিষ্ঠান হলে তার লক্ষ্য শুধু মুনাফা হতে পারে না। আন্তর্জাতিক বাজারে দাম কমলে অর্জিত মুনাফা জনগণের সুরক্ষায় কাজে লাগাতে হবে; দাম বাড়লেই পুরো বোঝা জনগণের ওপর চাপানো ন্যায়সঙ্গত নয়।

“জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির মত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে সংসদে কার্যকর আলোচনা হয়নি, জনগণের সঙ্গে কোনো অর্থবহ মতবিনিময় হয়নি। এমনকি কোনো গণশুনানির ব্যবস্থাও করা হয়নি। অথচ এই সিদ্ধান্তের অর্থনৈতিক বোঝা সরাসরি বহন করতে হবে সাধারণ মানুষকে।”

জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শুধু প্রশাসনিক ঘোষণা হতে পারে না মন্তব্য করে তিনি বলেন, “এর কারণ হিসাব ও দায় জনগণের সামনে স্পষ্ট করতে হবে। যে সিদ্ধান্তের মূল্য জনগণ দেবে, সেই সিদ্ধান্তের ব্যাখ্যাও জনগণকে দিতে হবে।”

দলের মহানগর যুগ্ম সমন্বয়ক কামাল উদ্দিন পাটোয়ারীর সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য দেন জেএসডির সহ-সভাপতি কে এম জাবির, মাইনুর রহমান।